রাজশাহী কলেজ রোভার-স্কাউট গ্রুপের ৫৩তম তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান শুরু হয়েছে। সোমবার দুপুরে রাজশাহী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাঠে তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। আগামী বুধবার পর্যন্ত চলবে এই আয়োজন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ ও রাজশাহী কলেজ রোভার-স্কাউট গ্রুপের সভাপতি প্রফেসর ড. ইব্রাহিম আলী। উদ্বোধনী বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে তাঁবুবাস করতে হবে। সেই অভিজ্ঞতা ও মানসিক প্রস্তুতি গড়ে তুলতেই এই আয়োজন। আমি আশা করি, তোমরা আনন্দের সঙ্গে প্রতিটি কার্যক্রমে অংশগ্রহণ করবে এবং নতুন অভিজ্ঞতা অর্জন করবে।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু ইউনুছ আলী, রোভার-স্কাউটের গ্রুপ সম্পাদক প্রফেসর ড. হাসনা আরা বেগম, রোভার স্কাউট লিডার ড. জহিরুল ইসলাম, রোভার স্কাউট লিডার তরিকুল ইসলাম আনসারী, রোভার স্কাউট লিডার, সিনিয়র রোভারমেট, সাবেক রোভার সদস্য ও উপদলের সদস্যরা।
তিন দিনব্যাপী এই তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের ২৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণকারী রোভার সদস্যরা ক্যাম্প ফায়ার, তাঁবুবাস, প্যারেড, দীক্ষা গ্রহণ, প্রাথমিক চিকিৎসা, গিঁট বাঁধা, পতাকা বিধি পালনসহ বিভিন্ন স্কাউটিং কার্যক্রমে অংশ নেবেন। আয়োজকরা জানান, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও দলগত কাজের মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।