রাজশাহীর রানীনগরের মোন্নাফের মোড়ে আট দলের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘ইয়াংস্টার পা গোলি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টের ফাইনালে কুইক সেটআপকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্ল্যাক হর্স। স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করা এবং পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যে এক দিনব্যাপী এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেনাটা পিএলসির জেনারেল ম্যানেজার (ম্যানুফ্যাকচারিং) ওবায়দুল ইসলাম ফ্রিডম। তিনি বলেন, শুধু ভালো খেলোয়াড় হওয়াই নয়, একজন ভালো মানুষ হওয়াও জীবনের বড় সাফল্য। তরুণদের মাদক ও অন্যায় থেকে দূরে থেকে খেলাধুলা এবং ভালো কাজের মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে ভিডিও বার্তায় বক্তব্য দেন এনটিভির সিনিয়র ভিজ্যুয়াল জার্নালিস্ট রাজু আহমেদ রুবেল। তিনি বলেন, যুবসমাজ দেশের শক্তি। খেলাধুলা তরুণদের সঠিক পথে রাখতে, মাদক থেকে দূরে থাকতে, শৃঙ্খলা শিখতে এবং ভ্রাতৃত্ববোধ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাসেল, রিয়াল, আবির, জয়, হিমেল, ইমরান ও স্বপন।