জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজশাহী মহানগর শাখা।
রোববার সন্ধ্যায় নগরীর দলীয় কার্যালয়ে মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ। প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও প্রকাশক মাহফুজুর রহমান রিটন। এতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল হুদা।
সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলীসহ থানা ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথ মর্যাদায় পালনের পাশাপাশি কেন্দ্রীয় কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন এবং নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।