রাজশাহীর বেকারি শিল্পের উন্নয়ন ও উদ্যোক্তাদের সুবিধার্থে বিশেষ ছাড়ে বিভিন্ন ধরনের মেশিনারিজ সরবরাহের উদ্যোগ নিয়েছে কিট্ ফাষ্ট। পাশাপাশি বেকারি মালিকদের জন্য ব্যাংকঋণের মাধ্যমে মেশিনারিজ কেনার সুযোগ তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।
রোববার বিকাল ৫টায় রাজশাহী বিসিক এলাকায় অবস্থিত কিট্ ফাষ্টের শোরুম ও কারখানা পরিদর্শন করেন উত্তরবঙ্গ বেকারি মালিক সমিতি ও রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. সেকেন্দার আলী। কিট্ ফাষ্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ মুক্কির আমন্ত্রণে তিনি রাজশাহী জেলা বেকারি মালিক সমিতির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে এ পরিদর্শনে অংশ নেন।
পরিদর্শনকালে বেকারি শিল্পে ব্যবহৃত বিভিন্ন ধরনের আধুনিক মেশিনারিজ সম্পর্কে ধারণা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে ডেক ওভেন, হট অ্যান্ড কুলিং সিস্টেম, র্যাক, শোকেস ও মিক্সচার মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম।
এ সময় উত্তরবঙ্গ বেকারি মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সেকেন্দার আলী রাজশাহীর বেকারি মালিকদের জন্য কী ধরনের সুযোগ-সুবিধা দেওয়া সম্ভব, তা জানতে চান। জবাবে কিট্ ফাষ্টের হেড অব সেলস শাহ নুর জানান, রাজশাহী বেকারি মালিক সমিতির সদস্যদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া দুটি ব্যাংকের সঙ্গে আলোচনা চলছে। খুব শিগগিরই ব্যাংকঋণের মাধ্যমে বেকারি মালিকদের কাছে এসব মেশিনারিজ সরবরাহ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বেকারি মালিক সমিতির সভাপতি সেলিম রেজা, সহসভাপতি হাবিবুল আলম, যুগ্ম সম্পাদক চন্দন সরকারসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।