তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং গ্রামকে মাদকমুক্ত করতে ঐক্যবদ্ধ হয়েছেন পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের কিসমত কুখন্ডি গ্রামের বাসিন্দারা। মাদকের বিস্তার রোধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন স্থানীয় সচেতন যুবসমাজ ও অভিভাবকেরা।
শুক্রবার বিকেলে কিসমত কুখন্ডি গ্রামে সর্বস্তরের সচেতন এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও হরিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সালাউদ্দীন মাসুদ রানা।
সভায় মাদকের ভয়াবহতা প্রতিরোধে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সমাজসেবক ও সাংবাদিক মেহেদী হাসান শ্যামল। তিনি বলেন, মাদকের করাল গ্রাস থেকে তরুণ সমাজ ও আগামী প্রজন্মকে রক্ষা করতে হলে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে মাদক নির্মূলে বাস্তব পদক্ষেপ নিতে হবে। মাদকসেবী ও কারবারিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোনো অবস্থাতেই মাদককে প্রশ্রয় দেওয়া যাবে না। মাদকমুক্ত সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন সাবেক নির্বাচন কর্মকর্তা ইসহাক আলী, ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সভাপতি আনসার আলী ও সাবেক ইউপি সদস্য আক্কাস আলী।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাটাখালী থানার রোকন আব্দুল্লাহিল কাফি (শাহীন), চিত্র সাংবাদিক রুবেল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম ও স্থানীয় সামাজিক ব্যক্তিত্ব শাজাহান মন্ডলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় বিপুলসংখ্যক সচেতন যুবক ও স্থানীয় বাসিন্দা অংশ নেন। আলোচনা শেষে উপস্থিত এলাকাবাসী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন। একই সঙ্গে গ্রাম থেকে মাদক সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন তারা।