বাঘায় সিএনজি-ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে ৩ জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছে ২ জন। সোমবার সকাল ৭টার দিকে বাঘা-লালপুর মহাসড়কের বাঘা উপজেলার চন্ডিপুরের গ্রামের হযরত আলীর বাড়ির সামনে এই ঘটনা ঘটে।
জানা গেছে, নাটোর জেলার লালপুরের নওপাড়া গ্রামের সিএনজি ড্রাইভার যাত্রী নিয়ে বাঘায় আসছিলেন। সিএনজি বাঘা-লালপুর সড়কের বাঘা উপজেলার চন্ডিপুরের হযরত আলীর বাড়ির সামনে পৌঁছলে বাঘা থেকে ছেড়ে আসা ভুটভুটির সাথে সিএনজির মুখোমুখির সংঘর্ষ হয়। এতে লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের সিএনজি ড্রাইভার শরিফুল ইসলাম (৪৫), সিএনজির যাত্রী লালপুর ইউনিয়নের বধুপাড়া গ্রামের নিরাপদ দাসের ছেলে বিধান দাস (৫৫), একই উপজেলার আড়বাব ইউনিয়নের আন্দী গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী রকেনা বেগম (৯০) নিহত হয়েছেন।
এদিকে আহত হয়েছেন আন্দী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শাহাজান আলী (৩৫) ও একই ইউনিয়নের চক বাদুড়িয়া গ্রামের আবদুল হান্নানের স্ত্রী সীমা বেগম (৫০)। তাদের উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ঘটনাস্থলের পাশে দিয়ে যাচ্ছিলাম। সকালে প্রচুর পরিমানে কুয়াশা পড়ছিল। কুয়াশার কারণে একে অপরকে দেখা যাচ্ছিলনা। দেখতে না পাওয়ার কারণে সিএনজি-ভুটভুটির মুখোমুখি সংঘর্য হয়েছে। তাৎক্ষনিক ঘটনাস্থলে ২ জন মারা যান। হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, (লালপুর-বাঘা) সড়কে একটি সিএনজি করে ৫ জন যাত্রী নিয়ে বাঘা উপজেলা সদরে আসছিলেন। পথে সড়ক দুর্ঘটনায় সিএনজির ড্রাইভারসহ তিনজন নিহত হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে। সিএনজি ও ভটভটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।