গোদাগাড়ীতে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ৬ নম্বর মাটিকাটা ইউনিয়নের বসন্তপুর তিলিবাড়ী গ্রামে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের নর্থ বেঙ্গল এগ্রো ফার্মের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হলেন, গোদাগাড়ী উপজেলার ইটাহারী গ্রামের নুরুল ইসলামের ছেলে ইসমাইল হোসেন (২৮) ও ইসাহাক আলী (২৪)। এ সময় তাদের আরেক সহযোগী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বাগডাঙ্গা গ্রামের রুবেল হোসেন (২৩) পালিয়ে যান। রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
জেলা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহীর পুলিশ সুপার মামুন অর রশিদের নির্দেশনায় ডিবি পুলিশের এসআই স্বপন হোসেনের নেতৃত্বে একটি দল রোববার বিকেলে গোদাগাড়ীর রাজাবাড়ীহাট এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালাচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বসন্তপুর তিলিবাড়ী এলাকায় মহাসড়কের পাশে কয়েকজন মাদক কারবারি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করেন।
এ সময় ইসমাইলের শরীর তল্লাশি করে ১০০ পিস এবং ইসাহাকের শরীর তল্লাশি করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাঁদের সঙ্গে থাকা রুবেল কৌশলে পালিয়ে যান। এ ঘটনায় গ্রেপ্তার দুজন ও পলাতক রুবেলের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে।