রাজশাহীতে গুলি করে হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। শনিবার রাত ১২টার দিকে চারঘাট থানার ধর্মহাটা পটিয়াকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি মোঃ উকলি (৫২) তিনি মতিহার থানার খোঁজাপুর এলাকার মোঃ নহরি উদ্দিনের ছেলে। শনিবার বেলা ১১টার দিকে র্যাব-৫-এর সিপিএসসি কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ভিকটিম গোলাম মোস্তফা এশার নামাজ আদায় করতে রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন খোঁজাপুর মোড় এলাকায় পৌঁছামাত্র পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের আসামি হাসিবুল মোল্লা ও তার সহযোগীরা পরস্পর যোগসাজশে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে গোলাম মোস্তফা ডান পায়ের হাঁটুর ওপর গুলিবিদ্ধ হয়ে গুরুতর রক্তাক্ত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালর জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঞ্চল্যকর এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে মতিহার থানায় তিনজনকে এজাহারনামীয় আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এর ধারাবাহিকতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি উক্ত ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মতিহার থানায় হস্তান্তর করা হয়েছে।