আর মাত্র কয়েক সপ্তাহ পর পবিত্র ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে রাজশাহীর খামারিরা এখন ব্যস্ত সময় পার করছেন কোরবানির পশুর যত্ন নিয়ে। ভালো দাম পাবেন বলে আশাবাদী খামারিরা। জেলা প্রাণিসম্পদ দপ্তর জানিয়েছে, এবার রাজশাহীতে কোরবানিযোগ্য পশুর পর্যাপ্ত মজুত রয়েছে।
রাজশাহী জেলা প্রাণিসম্পদ অফিসের তথ্য অনুযায়ী, রাজশাহীতে এবার মোট ৪ লাখ ৬৩ হাজার ১১টি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১ লাখ ৪ হাজার ৮৪১টি গরু, ৩ হাজার ৪২৫টি মহিষ, ৩ লাখ ১১ হাজার ৩৩৯টি ছাগল এবং ৪৩ হাজার ৪০৬টি ভেড়া। বিপরীতে সম্ভাব্য চাহিদা ধরা হয়েছে ৩ লাখ ৭১ হাজার ৫৮টি। সেই হিসেবে চাহিদার তুলনায় প্রায় ৯১ হাজার ৯৫৩টি পশু বেশি রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই অতিরিক্ত পশু রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের চাহিদা পূরণে ভূমিকা রাখবে।
শুধু রাজশাহী জেলা নয়, পুরো বিভাগজুড়েও পশুর সরবরাহ আশাব্যঞ্জক। বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের তথ্যমতে, রাজশাহী বিভাগে যেখানে কোরবানী পশুর প্রয়োজন ২৪ লাখ। এর বিপরিতে প্রায় ৪৩ লাখ পশু প্রস্তুত রয়েছে। ফলে কোরবানির পশু সংকটের কোনো আশঙ্কা নেই বলেই জানিয়েছেন কর্মকর্তারা।
একসময় সীমান্তবর্তী এই অঞ্চলের হাটগুলোতে ভারতীয় গরুর দাপট ছিল। তবে কয়েক বছর ধরে সীমান্তে কড়াকড়ি নজরদারির কারণে সেই প্রবণতা বন্ধ হয়ে গেছে। এর ফলে স্থানীয়ভাবে গরু-ছাগল পালনে মানুষের আগ্রহ বেড়েছে। এখন প্রায় প্রতিটি উপজেলাতেই বাণিজ্যিকভাবে পশুপালন হচ্ছে, গড়ে উঠেছে নতুন নতুন খামার। এতে একদিকে যেমন স্বনির্ভরতা তৈরি হয়েছে, অন্যদিকে কর্মসংস্থানও বেড়েছে। গোদাগাড়ী উপজেলার খামারি আব্দুল মালেক বলেন, আগেভাগেই প্রস্তুতি নিয়েছি এবং দেশীয় পদ্ধতিতে পশু পালন করেছি। তবে উৎপাদন খরচ বেড়েছে। তাও বাজারে ভালো দাম পাবো মনে করছি ।
তানোর উপজেলার সুজন আলী বলেন, ছয় মাস আগেই পরিকল্পনা করে তিনি গরু পালন শুরু করেছি। গো-খাদ্যের দাম নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকলেও এবার গরু ভালো উপযোগী হয়েছে। এবার ভালো দাম পাওয়ার আশা করছি। বাগমারার খামারি আকলিমা আক্তার জানান, ছোট আকারের পশুর চাহিদা বেশি থাকায় আমি গরুর পাশাপাশি ছাগল ও ভেড়া পালন করেছি বাজারে এবার ভালো দাম পাবো। আর কয়েকদিন আছে সেগুলো কারো যত্ন করে লালন পালন করছি। ভালো দাম পাওয়ার আশায়।
রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ পরিচালক ড. আনন্দ কুমার অধিকারী বলেন, রাজশাহীতে উৎপাদিত পশু দিয়েই চাহিদা পূরণ সম্ভব। হাট বসা শুরু হলে সেখানে ভেটেরিনারি সেবা, স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হবে। অতিরিক্ত পশু দেশের অন্যান্য অঞ্চলে পাঠানোর বিষয়ে খামারিদেরও পরামর্শ দেওয়া হচ্ছে। রাজশাহী বিভাগে প্রায় ৪৩ লাখ পশু প্রস্তুত রয়েছে, যেখানে প্রয়োজন প্রায় ২৪ লাখ। ফলে কোরবানির পশু সংকটের কোনো আশঙ্কা নেই।
রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতোয়ার রহমান বলেন, গত কয়েক বছরের মতো এবারও দেশীয় পশু দিয়েই কোরবানির চাহিদা পূরণ সম্ভব হবে। অতিরিক্ত পশু দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা গেলে খামারিরা আর্থিকভাবে লাভবান হবেন।
এদিকে রাজশাহী বিভাগজুড়ে তিন শতাধিক কোরবানির হাট বসার প্রস্তুতি প্রায় শেষ। কিছু এলাকায় কেনাবেচা শুরু হলেও জমজমাট বেচাকেনা শুরু হবে ঈদের কয়েক দিন আগে। তখন দেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতা ও ব্যবসায়ীদের ভিড়ে সরগরম হয়ে উঠবে এসব হাট।