সুবিধাবঞ্চিত ও পথশিশুদের মুখে হাসি ফোটানোর মধ্য দিয়ে ব্যতিক্রমী আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। বর্ষপূর্তির আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে শিশুদের নিয়ে কেক কাটা, মিষ্টিমুখ ও চকলেট বিতরণের আয়োজন করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টায় রাজশাহী রেলওয়ে স্টেশন-সংলগ্ন রাজশাহী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে পরিচালিত সামাজিক স্কুলে এনপিবি নিউজের রাজশাহী প্রতিনিধি আবু রায়হানের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রায় ৩৫ জন সুবিধাবঞ্চিত ও পথশিশু অংশ নেয়।
অনুষ্ঠানে শিশুদের সঙ্গে কেক কেটে বর্ষপূর্তির আনন্দ ভাগাভাগি করেন অতিথিরা। পরে তাদের মিষ্টিমুখ করানো হয় এবং চকলেট বিতরণ করা হয়। শিশুদের হাসি, উচ্ছ্বাস ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি আনন্দঘন হয়ে ওঠে। শিশুদের সঙ্গে বর্ষপূর্তির আনন্দ ভাগ করে নিতে পেরে আয়োজক ও অতিথিরাও সন্তোষ প্রকাশ করেন।
এ সময় অতিথিরা বলেন, সংবাদমাধ্যমের দায়িত্ব শুধু সংবাদ প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ নয়; সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে মানুষের পাশে দাঁড়ানোও গুরুত্বপূর্ণ। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এনপিবি নিউজের এ ধরনের মানবিক উদ্যোগ প্রশংসনীয়। এমন আয়োজন সমাজে মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধের চর্চাকে আরও উৎসাহিত করবে।
তারা এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তিতে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সমাজের ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি আগামী দিনে আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিফাত হোসেন অন্তর, রাজশাহী কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি যুবাইর রশিদ, পাঠকবন্ধুর (আজকের পত্রিকা) রাজশাহী কলেজ শাখার অ্যাম্বাসেডর প্রীতি চৌধুরী ও রাজশাহী জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মোতালেব হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।