বিজ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তিতে শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে জাতীয় বিজ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তিবিষয়ক আয়োজন ‘ভিইউ সাইফিউশন ২০২৬। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খাদেমুল ইসলাম মোল্যা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী এ আয়োজন করে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব।
এ সময় উপস্থিত ছিলেন প্রকৌশল স্কুলের ডিন প্রফেসর ড. শামীম আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি স্কুলের ডিন প্রফেসর ড. বায়তুল মোকাদ্দেছুর রহমান, বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের কনভেনর ও ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাজেরা খাতুন, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মিজানুর রহমান এবং ক্লাবের উপদেষ্টা সদস্য ও এনএফই বিভাগের প্রভাষক উম্মে সালমা নাহিদা। দিনব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে আইকিউভিত্তিক কুইজ প্রতিযোগিতা, পোস্টার প্রেজেন্টেশন, প্রজেক্ট শোকেসিং এবং সায়েন্টিফিক ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নিজেদের বুদ্ধিমত্তা, যুক্তিবোধ ও বিশ্লেষণী দক্ষতার পরিচয় দেন। প্লাজা চত্বরে পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতায় বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা, ধারণা ও উদ্ভাবনী চিন্তাভাবনা তুলে ধরেন অংশগ্রহণকারীরা। এ ছাড়া আমেরিকান কর্নারে প্রজেক্ট শোকেসিংয়ে শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তিনির্ভর ধারণা প্রদর্শন করেন। একই স্থানে সায়েন্টিফিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় বিজ্ঞান ও প্রকৃতির নানা বিষয় সৃজনশীলভাবে উপস্থাপন করেন প্রতিযোগীরা।
আয়োজকদের মতে, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, গবেষণার আগ্রহ, সৃজনশীল চিন্তাভাবনা ও প্রযুক্তিগত উদ্ভাবনের চর্চা বাড়ানোই ভিইউ সাইফিউশন ২০২৬-এর মূল লক্ষ্য। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী চিন্তা বিকাশের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।