জ্বালানি তেলের সঠিক ব্যবস্থাপনায় আরও এক ধাপ এগিয়ে গেল রাজশাহী। এখন থেকে সাধারণ মানুষ ঘরে বসেই মোবাইল অ্যাপের মাধ্যমে জানতে পারবেন পেট্রোল পাম্পের তেলের প্রাপ্যতা। জ্বালানি তেলের সঠিক ব্যবস্থাপনা, স্বচ্ছতা নিশ্চিত এবং গ্রাহকদের ভোগান্তি কমাতে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে আজ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ‘Fuel Management’ অ্যাপ।
রোববার (১২ এপ্রিল) সকালে রাজশাহী মহানগরীর ‘গুল গোফুর পেট্রোল পাম্পে’ এই আধুনিক কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
নতুন এই ব্যবস্থায় ফুয়েল পাম্পের পয়েন্টম্যানদের কাছে স্মার্ট ডিভাইস থাকবে। যখন কোনো যানবাহন তেল নিতে আসবে, তখন পয়েন্টম্যান ওই যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর স্ক্যান করবেন। এই প্রক্রিয়ায় জ্বালানি সরবরাহে স্বচ্ছতা নিশ্চিত হবে এবং তেলের অপচয় বা পাচার রোধ করা সম্ভব হবে। গ্রাহকরা পাম্পে যাওয়ার আগেই অ্যাপের মাধ্যমে জানতে পারবেন সেখানে তেল আছে কি না। সাধারণ গ্রাহকদের এই সেবা পেতে আলাদা কোনো নিবন্ধনের ঝামেলা পোহাতে হবে না।
উদ্বোধনকালে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, জ্বালানি খাতের অব্যবস্থাপনা দূর করতে এবং সাধারণ মানুষের মূল্যবান সময় বাঁচাতে আমরা এই প্রযুক্তিগত সমাধান নিয়ে এসেছি। এর ফলে কৃত্রিম সংকট তৈরির সুযোগ থাকবে না এবং গ্রাহক হয়রানি বন্ধ হবে।
তিনি বলেন, ফুয়েলের ব্যবস্থাপনা ডেভেলপ করেছি। আজ যাদের তেল দেওয়া হচ্ছে তাদের আমাগী ৫ দিন তেল দেওয়া হবে না। ডিজেলে আমাদের কোনো সমস্যা নাই। আমরা ডিজেল কার্ড দিচ্ছি। আমাদের মোবাইল কোর্ট চলমান আছে।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সবুর আলীসহ পাম্প মালিক সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ গ্রাহকরা উপস্থিত ছিলেন।
অ্যাপের কার্যক্রম চালু হওয়ায় সাধারণ গ্রাহক, বিশেষ করে মোটরসাইকেল চালকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। পাম্পে তেল নিতে আসা এক মোটরসাইকেল চালক জানান, আগে তেল পাব কি না তা না জেনেই পাম্পে এসে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। এখন অ্যাপ দেখে নিশ্চিত হয়েই আসতে পারব। এটি আমাদের জন্য অনেক বড় স্বস্তির খবর।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই ব্যবস্থার মাধ্যমে রাজশাহীর জ্বালানি খাতে টেকসই পরিবর্তন আসবে এবং ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এটি একটি মাইলফলক হয়ে থাকবে।