রাজশাহী আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। প্যানেলটি ২১টি পদের মধ্যে ২০টিতে জয়লাভ করেছে। এই প্যানেল থেকে আবুল কাসেম সভাপতি ও পারভেজ তৌফিক জাহেদী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বিএনপি ও জামায়াতপন্থি আইনজীবীরা এই প্যানেলের অধিনে নির্বাচনে অংশ নেন। গণতান্ত্রিক আইনজীবী সমিতি মনোনীত প্যানেল থেকে এ কে এম মিজানুর রহমান জয়লাভ করেছেন। এই প্যানেল থেকে একমাত্র তিনিই বিজয়ি হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায় , জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে নির্বাচিত অন্যরা হলেন, সহ-সভাপতি মাহাবুবুল ইসলাম ও মজিজুল হক; যুগ্ম সাধারণ সম্পাদক (সাধারণ) ইমতিয়ার মাসরুর আল আমিন; যুগ্ম সাধারণ সম্পাদক (কল্যাণ) নুর-এ কামরুজ্জামান ইরান; হিসাব সম্পাদক শাখাওয়াত হোসেন শামীম; লাইব্রেরী সম্পাদক সেলিম রেজা মাসুম; সম্পাদক অডিট তানভীর আহমেদ জুলেট; সম্পাদক প্রেস অ্যান্ড ইনফরমেশন শাহজামাল এবং সম্পাদক ম্যাগাজিন অ্যান্ড কালচার কানিজ ফাতেমা কাজল। সদস্য পদে নির্বাচিত ৯ জন হলেন, ইয়াসিন আলী, শামীম আহমেদ, মাঈনুর রহমান, হাফিজুল ইসলাম, জাকির হোসেন (২), শাহীন আলম মাহমুদ, রেশমা খাতুন, হুমায়ুন কবির শাম্মী ও রহিমা খাতুন।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন শেখ মো. জাহাঙ্গীর আলম সেলিম, এএনএম কামরুজ্জামান বকুল ও শামীম হায়দার দারা।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং আধা ঘণ্টা বিরতির পর বেলা দেড়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১ নম্বর বার ভবনের দ্বিতীয় তলায় ভোট গ্রহণ চলে। নির্বাচনে মোট ৬৯৩ জন ভোটারের মধ্যে ৬২৬ জন ভোট দেন। গণনা শেষে রাতে ফল ঘোষণা করা হয়।
বার্ষিক এই নির্বাচনে ২১টি পদের বিপরীতে পৃথক দুটি প্যানেলে ৪২ জন প্রার্থী এবং স্বতন্ত্রভাবে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।