রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ছয় মাদক ব্যবসায়ী ও এক মাদকসেবীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। এ সময় ১৯১টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৬৪টি ইয়াবা, ১১০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৯০০ টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আরও একজন পালিয়ে গেছে। আরএমপির রাজপাড়া, চন্দ্রিমা, বেলপুকুর, শাহমখদুম ও মতিহার থানা পুলিশ গত ১১ থেকে ১৩ অক্টোবর পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
আরএমপির উপ-কমিশনার গাজিউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে রাজপাড়া থানা পুলিশ আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ফিরোজ আলী (২৬), সানি (১৯) ও রেজওয়ানুল বিশ্বাস সৈকতকে (২৭) গ্রেপ্তার করে। এ সময় ফিরোজের কাছ থেকে ৫২টি এবং পলাতক জুয়েলের ফেলে যাওয়া ৭৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। ফিরোজের কাছ থেকে মাদক বিক্রির ৯০০ টাকাও জব্দ করা হয়। এ ঘটনায় জুয়েল পালিয়ে যায়।
অন্যদিকে, সোমবার সন্ধ্যায় চন্দ্রিমা থানা পুলিশ মুশরইল বাগান এলাকায় অভিযান চালিয়ে রফিকুল ইসলাম নবীনকে (২৬) গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ৫৭টি ইয়াবা ও ৫১টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই দিন সন্ধ্যায় বেলপুকুর রেলগেট এলাকায় অভিযান চালিয়ে মাসুদকে (৩৯) গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে ১০টি ট্যাপেন্টাডল ও সাতটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এর আগে রোববার রাতে শাহমখদুম থানা পুলিশ বড়বনগ্রাম চকপাড়ার ফুলতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে সেলিম আলী ওরফে চিংকুকে (৩৬) গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এদিকে, সোমবার দুপুরে মতিহার থানা পুলিশ ধরমপুর দক্ষিণপাড়া এলাকায় তিলক (২১) নামের এক যুবককে মাদক সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসকের মতামতের ভিত্তিতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
জুয়ায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ১
রাজশাহী মহানগরীতে অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ইমন সরদার (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) শাহমখদুম থানা পুলিশ। এ সময় তার ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে পবা পাড়ার থানার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ইমন ওই গ্রামের মৃত সুলতান সরদারের ছেলে।
পুলিশ জানায়, জব্দ করা স্মার্টফোন তল্লাশি করে তিনটি জিমেইল আইডি, বিকাশ ও নগদ মোবাইল ব্যাংকিং হিসাবের সঙ্গে ব্যবহৃত দুটি নম্বর এবং অনলাইন জুয়া ও বেটিং-সংক্রান্ত সাতটি অ্যাপ পাওয়া গেছে। এ ঘটনায় ইমনের বিরুদ্ধে শাহমখদুম থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১
রাজশাহী মেট্রোপলিটনের পবা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ ১ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত আনুমানিক পৌনে ৪টার দিকে পবা থানা পুলিশ সবসার গ্রামের ওয়াজ মন্ডলের মেয়ে ও আসব আলীর স্ত্রী পারুল বেগম (৫৫) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে পারুলকে গ্রেপ্তার করে। এসময় পারুলের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি পারুলের বিরুদ্ধে পবা থানায় ১টি পেনাল কোড ও ১টি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে। আসামির বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
শর্টগান ও ইনজেকশনসহ গ্রেপ্তার ৩
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা পুলিশের অভিযানে শর্টগানের কার্তুজ ও ইনজেকশনসহ ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাত ১০টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ কুমারপাড়া গ্রামের মৃত বাবুর ছেলে ফয়সাল (১৯)-এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে ফয়সালসহ একই গ্রামের মো: সোনা মিয়া ওরফে আবুল হায়াতের ছেলে যুবরাজ (৩০) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বালিয়াদিঘী গ্রামের একরামুল হকের ছেলে সুলতান মাহমুদকে (৩৬)কে গ্রেপ্তার করে। পলাতক আসামি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার গোলাপবাজার গ্রামের বিএল (৩০)।
অভিযানকালে গ্রেপ্তারকৃত আসামি ফয়সালের বসতঘরে তল্লাশি চালিয়ে ২৩টি শর্টগানের কার্তুজ (গুলি) ও ৪৯টি ইফিডিন ইনজেকশন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত আলামত পলাতক আসামি বিএল এর সহায়তায় সংগ্রহ করে গ্রেপ্তারকৃত আসামিরা হেফাজতে রেখেছে। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় বিশেষ ক্ষমতা আইন তৎসহ অস্ত্র আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।