তবে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন মনে করেন, নির্বাচন ঘিরে বাংলাদেশ কখনো অস্বস্তিতে ছিল না। এ বিষয়ে তিনি বলেছেন, আগেও আমরা অস্বস্তি অনুভব করিনি। তারা (যুক্তরাষ্ট্র) অনুভব করলে করতে পারে। আমাদের দিক থেকে কখনোই অস্বস্তি ছিল না, এখনও নেই।
নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে নজর
ডোনাল্ড লু ঢাকা সফরকালে বাংলাদেশের নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। ঢাকা সফরের প্রথম দিনেই তিনি নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত খোঁজ-খবর নেন।
বিশেষ করে রাজনৈতিক পরিবেশ কেমন, নাগরিক সমাজ কোন অবস্থায় কাজ করছে, এসব বিষয়ে খোঁজ-খবর নেন। ডোনাল্ড লু’কে জানানো হয়, নাগরিক ও রাজনৈতিক অধিকারের ক্ষেত্র সামগ্রিকভাবে সংকুচিত হয়েছে।
দুই দেশের মধ্যে জটিল যেসব ইস্যু
ঢাকা-ওয়াশিংটনের মধ্যে বেশ কয়েকটি জটিল ইস্যু রয়েছে। এসব ইস্যুতে দুই পক্ষই দীর্ঘদিন ধরে আলোচনা করে আসছে। বিশেষ করে র্যাবের ওপর নিষেধাজ্ঞা, শ্রম অধিকার, মানবাধিকার, ব্যবসায়িক পরিবেশ সংস্কার, বঙ্গবন্ধুর খুনিকে ফেরানো ইত্যাদি ইস্যু নিয়ে এবারও আলোচনা হয়েছে।
কমেছে রাজনৈতিক উত্তাপ
ডোনাল্ড লু’র ঢাকা সফর ঘিরে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছিল। সফরে আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের সঙ্গে তার কোনো বৈঠক হয়নি। তবে তাকে নিয়ে দুই দলের নেতারা রাজনৈতিক তর্কে জড়ান।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সফরের আগে মন্তব্য করেন, লু আসছেন, তাই বিএনপি নেতারা আবার চাঙ্গা হয়ে গেছেন। আবার ক্ষমতার স্বপ্নে বিভোর হয়ে গেছেন।
পাল্টা বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ডোনাল্ড লু’র বাংলাদেশে আগমন নিয়ে আমরা কেউ ইন্টারেস্টেড নই। আমাদের ভরসা জনগণের ওপর।
তবে ডোনাল্ড লু’র সফরের পর দুই দলের মধ্যে এ নিয়ে আর তেমন উত্তাপ ছড়ায়নি।
গত ১৪ মে তিন দিনের সফরে ঢাকায় আসেন ডোনাল্ড লু। সফর শেষে ১৬ মে তিনি ঢাকা ছাড়েন। ঢাকায় আসার আগে তিনি ভারত ও শ্রীলঙ্কা সফর করেন। চলতি বছর ৭ জানুয়ারি নির্বাচনের পর আওয়ামী লীগের নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় আসার পর ডোনাল্ড লু’র এটিই প্রথম ঢাকা সফর।






