বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-এর ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, রাষ্ট্রের স্বার্থে মাওলানা ভাসানী কখনো আপস করেননি। দেশের মানুষের ন্যায্য পানির হিস্যা আদায়ের দাবিতে তিনি বিরামহীনভাবে ছুটে চলেছেন। তিনি ছিলেন নির্যাতিত ও নিপীড়িত মানুষের নেতা।
মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী নগরীর পূবালী মার্কেটে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন, বাংলাদেশ-এর উদ্যোগে গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়ন এবং পানির ন্যায্য অধিকার প্রাপ্তির নিশ্চয়তা বিধানে আমাদের করণীয় শীর্ষক এই সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী আরও বলেন, পলিমাটিমিশ্রিত এই বাংলাদেশের মাটির সন্তান মাওলানা ভাসানী আজীবন মানবমুক্তির সংগ্রামের রাজনীতি করেছেন। তাঁর অবদান ও কর্মময় জীবনের অনেক অধ্যায় এখনো অজানা রয়ে গেছে। নতুন প্রজন্মের কাছে তাঁর সংগ্রাম, আদর্শ ও অবদান তুলে ধরতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন এ দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামী নেতা। তিনি আজীবন শোষণ, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছেন। মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
পদ্মা ব্যারেজ প্রকল্পের অগ্রগতি তুলে ধরে রাসিক প্রশাসক জানান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে পদ্মা নদীতে ব্যারেজ নির্মাণের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ইতোমধ্যে তার বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে। ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্পটি একনেক সভায় অনুমোদন পেয়েছে। এটি বাস্তবায়িত হলে পদ্মা নদীর পানির সুষ্ঠু ব্যবস্থাপনা, কৃষি ও সেচব্যবস্থার উন্নয়ন এবং উত্তরাঞ্চলের মানুষের পানির ন্যায্য অধিকার নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন কমিটির আহ্বায়ক এবং নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন, রাজশাহীর সভাপতি অ্যাডভোকেট মোঃ এনামূল হকের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার সাবেক উপাচার্য ও রাকাব-এর চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন ড্যাব রাজশাহী শাখার সভাপতি ডা. ওয়াসিম হোসেন, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. জি.এম শফিউর রহমান, বরেন্দ্র পরিবেশ উন্নয়ন সংস্থা রাজশাহীর সভাপতি ড. প্রকৌ. মোঃ জাকির হোসেন খান, সুজন রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক ড. মোহাঃ কামরুজ্জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ বিভাগের প্রফেসর ফৌজিয়া এদিব ফ্লোরা এবং রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ সুলতান মাহমুদ সুমন।
আলোচনা শেষে মাওলানা ভাসানীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।