‘আমাদের সংস্কৃতি, আমাদের পরিচয়’ স্লোগানে রাজশাহীর গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক নৃ-গোষ্ঠী মেলা, সাহিত্য উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষ হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার রিশিকুল ইউনিয়নের কাদমা উচ্চবিদ্যালয় মাঠে বর্ণিল সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এ আয়োজন।
সমাপনী অনুষ্ঠানে নারী ও শিশু কল্যাণ সংস্থার পরিচালক সুমি মুর্মু উপস্থিত থেকে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
রক্ষাগোলা গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্যনিরাপত্তা কর্মসূচির আওতায় রক্ষাগোলা সমন্বয় কমিটির উদ্যোগে আয়োজিত এ মেলায় সহযোগিতা করে সিসিবিভিও, রাজশাহী এবং জার্মানির ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড।
মেলায় ৭০টি রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের ১৪০টি সাংস্কৃতিক দল অংশ নেয়। এ ছাড়া আটটি জনজাতির ভাষা, ঐতিহ্য, পোশাক, অলংকার, খাবার, কৃষি ও শিকারের সরঞ্জাম এবং জীবনযাত্রার বৈচিত্র্য তুলে ধরতে বসানো হয় ৪৫টি প্রদর্শনী স্টল।
তিন দিনের এ আয়োজনে ছিল জনজাতিভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, ঐতিহ্যবাহী গান ও নৃত্য, শিক্ষার্থীদের স্বরচিত কবিতা, রচনা ও সংগীত প্রতিযোগিতা। বিভিন্ন জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের বৈচিত্র্যময় উপস্থাপনায় মেলাটি পরিণত হয় প্রাণবন্ত মিলনমেলায়।
রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন সিসিবিভিওর সভাপতি অধ্যাপক আবদুস সালাম, সহসভাপতি আরিফা বেগম, নির্বাহী প্রধান সারওয়ার-ই-কামাল, সহসম্পাদক তাহেরা খাতুন, নির্বাহী সদস্য গোলাম সারওয়ার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আমিরুল ইসলাম, নারী ও শিশু কল্যাণ সংস্থার পরিচালক সুমি মুর্মু এবং কাদমা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মোস্তাফিজুর রহমান।
এ ছাড়া পার্বত্য চট্টগ্রামের কাপ্তাইয়ের চন্দ্রঘোনা খ্রিস্টান হাসপাতালের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমাসহ পার্বত্য এলাকার বিভিন্ন জনজাতির ১৩ জন সদস্য মেলায় অংশ নেন।
প্রতিযোগিতায় সাঁওতাল জনজাতিতে গণক, উরাওয়ে পাথরঘাটা, পাহাড়িয়ায় ডাইংপাড়া, মুন্ডায় বটতলী এবং রাজোয়ার জনজাতিতে মাধাইপুর রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠন প্রথম স্থান অর্জন করে। প্রদর্শনী স্টল বিভাগে প্রথম হয় কাদমা-মুরালীপুর রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠন।
পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। আয়োজকেরা জানান, এ ধরনের আয়োজন আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক চর্চা বাড়াতে এবং বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা জোরদারে ভূমিকা রাখবে।