উৎসবমুখর পরিবেশে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ পুনর্মিলনীতে ২০১২ সাল থেকে স্প্রিং-২০২৬ পর্যন্ত বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানের উদ্বোধন করা হয় ফিতা কাটা ও কবুতর উড়িয়ে। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক মো. শামীম আহসান পারভেজ, ইংরেজি বিভাগের প্রধান ও স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন অধ্যাপক মো. শহীদুর রহমান, রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) মুহাম্মদ খালেদ বিন ইউসুফসহ শিক্ষক, কর্মকর্তা, প্রাক্তন শিক্ষার্থী ও আয়োজক কমিটির সদস্যরা।
অধ্যাপক মো. শহীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পুনর্মিলনী আয়োজক কমিটির আহ্বায়ক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খাদেমুল ইসলাম মোল্যার উপস্থিত থাকার কথা থাকলেও অনিবার্য কারণে তিনি অংশ নিতে পারেননি। অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ, নির্বাহী পরিচালক মো. শামীম আহসান পারভেজ, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. কানিজ হাবিবা আফরিন এবং রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) মুহাম্মদ খালেদ বিন ইউসুফ।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টের চেয়ারম্যান হাফিজুর রহমান খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক মো. শহীদুর রহমান। বিশ্ববিদ্যালয়ের প্রতি তাঁর অব্যাহত সহযোগিতা এবং উচ্চশিক্ষা প্রসারে অবদানের জন্য ধন্যবাদ জানানো হয়। পরে তাঁর পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন নির্বাহী পরিচালক।
অনুষ্ঠানে বিভাগের প্রথম ব্যাচের প্রথম শিক্ষার্থী ইসমত আরা মিস্টিসহ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা তাঁদের স্মৃতিচারণা ও অভিজ্ঞতা তুলে ধরেন। এ ছাড়া অ্যালামনাই অ্যাসোসিয়েশনের খসড়া গঠনতন্ত্র উপস্থাপন করা হয়। অধ্যাপক মো. শহীদুর রহমানের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিক অধিবেশন শেষ হয়।
মধ্যাহ্নভোজ ও নামাজের বিরতির পর প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণা অনুষ্ঠিত হয়। পরে আমবাগানসংলগ্ন মাঠে ব্যান্ড দল ‘অড সিগনেচার’-এর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন।