রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোসা. রত্না খাতুন (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি রাজশাহী নগরের কাদিরগঞ্জ এলাকার বাসিন্দা।
মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীমের পাঠানো ২৪ ঘন্টার প্রতিবেদন এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ১০ নভেম্বর বিকেলে রত্না খাতুন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। ছয় দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার দুপুর একটার দিকে তার মৃত্যু হয়। ডেঙ্গু হেমোরেজিক ফিভার ও ডেঙ্গু এনসেফালাইটিসে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানান শেখ শামীম।
এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর ভর্তি অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) হাসপাতালের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৬ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৬১ জন।