মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি নতুন আবাসিক হল নির্মাণের দাবি জানিয়েছে মাওলানা ভাসানী ফাউন্ডেশন, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবনে উপাচার্য প্রফেসর ড. ফরিদুল ইসলামের কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক, রাবির ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও বর্তমানে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রো-ভিসি প্রফেসর ড. জি. এম. শফিউর রহমান এবং সদস্য সচিব ও শাহ্ মুখদুম হলের প্রভোস্ট প্রফেসর ড. সরওয়ার জাহান লিটন। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য প্রফেসর ড. শফিকুল ইসলাম এবং দর্শন বিভাগের সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের মুক্তিসংগ্রাম, মেহনতি মানুষের অধিকার আদায় এবং গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে মওলানা আবদুল হামিদ খান ভাসানী এক অবিস্মরণীয় ও প্রেরণাদায়ী নাম। উত্তরবঙ্গের সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করা এই মহান নেতা ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ১৯৫২-এর ভাষা আন্দোলন, ১৯৫৭-এর কাগমারী সম্মেলন এবং ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধসহ দেশের প্রতিটি প্রগতিশীল ও গণআন্দোলনে ঐতিহাসিক অবদান রেখেছেন। এ ছাড়া ১৯৭৬ সালে ভারত কর্তৃক গঙ্গা নদীর উজানে ফারাক্কা বাঁধ নির্মাণের প্রতিবাদে রাজশাহীর মাদ্রাসা ময়দান থেকে চাঁপাইনবাবগঞ্জের কানসাট পর্যন্ত ঐতিহাসিক লংমার্চ করে তিনি রাজশাহীকে বিশ্বদরবারে তুলে ধরেন।
বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকটের কারণে সাধারণ শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ সংকট নিরসনে দ্রুত নতুন আবাসিক হল নির্মাণ সময়ের দাবি বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। ফাউন্ডেশনের নেতৃবৃন্দ মনে করেন, উত্তরবঙ্গের এই শ্রেষ্ঠ সন্তানের স্মরণে বিশ্ববিদ্যালয়ে নতুনভাবে নির্মিতব্য বা ভবিষ্যতে নির্মিতব্য কোনো একটি আবাসিক হলের নামকরণ ‘মওলানা আবদুল হামিদ খান ভাসানী হল’ করা হলে তা একদিকে যেমন তার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন হবে, অন্যদিকে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে তার আদর্শ ও সংগ্রামের চেতনাকে জাগ্রত রাখবে।
বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে এই যৌক্তিক দাবি বাস্তবায়নে উপাচার্যের জরুরি ও ইতিবাচক পদক্ষেপ কামনা করা হয়েছে।