তানোরে এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন মাজিদ বিতরণ করেছে সামাজিক সংগঠন রক্ত বন্ধন ফাউন্ডেশন। মঙ্গলবার দুপুরে এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কুরআন মাজিদ বিতরণ করা হয়।
উপজেলার দুটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করা হয়। প্রথমে হাতিনান্দা গ্রামের হাতিনান্দা দারুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার হিফজ বিভাগের ১৬ শিক্ষার্থীর হাতে পবিত্র কুরআন মাজিদ তুলে দেওয়া হয়। পরে কৃষ্ণপুর গ্রামের কৃষ্ণপুর হাফিজিয়া মাদ্রাসার আরও ১০ শিক্ষার্থীকে কুরআন মাজিদ হাদিয়া দেওয়া হয়। কৃষ্ণপুর হাফিজিয়া মাদ্রাসায় কুরআন বিতরণ শেষে শিক্ষার্থী, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিসহ ৪০ জনের জন্য প্রীতি মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রক্ত বন্ধন ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাম মোক্তাদীর রহমান, ফিন্যান্স সেক্রেটারি তামান্না মুস্তারী, এক্সিকিউটিভ মেম্বার সামিয়া সুলতানা লিনা ও মডারেটর সৈয়দা তানিয়া ফেরদৌস। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত ও এতিম শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষায় অনুপ্রাণিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো এবং এ ধরনের সামাজিক ও ধর্মীয় কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।