বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে আজ শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি মানসিক স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদিক্ষণ করে। শোভাযাত্রায় উপাচার্য প্রফেসর ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর আব্দুল আলিম, মানসিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক প্রফেসর এনামুল হক, মনোবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর মজিবুল হক আজাদ খানসহ বিভাগের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী প্রমুখ অংশ নেন। শোভাযাত্রা শুরুর আগে মানসিক স্বাস্থ্য কেন্দ্র চত্বরে উপাচার্য একটি গাছের চারা রোপণ করেন।
সকাল ১০ টার দিকে সিনেট ভবনে অনুষ্ঠিত হয় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের সেমিনার। ‘বাস্তব অভিজ্ঞতার কথা শোনা: প্রকৃত কণ্ঠস্বর, প্রকৃত পরিবর্তন’ (খরাবফ ঊীঢ়বৎরবহপবং ঐবধৎফ: জবধষ ঠড়রপবং, জবধষ ঈযধহমবং) শীর্ষক প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ফরিদুল ইসলাম ও বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর আব্দুল আলিম। মানসিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক প্রফেসর মোহা. এনামুল হকের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজির আহম্মদ তুষার ও আলোচনা করেন ডা. ওয়াসিম হোসেন। মনোবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর মজিবুল হক আজাদ খান স্বাগত বক্তব্য রাখেন। রাবি মনোবিজ্ঞান বিভাগ ও মানসিক স্বাস্থ্য কেন্দ্র শোভাযাত্রা ও সেমিনারের আয়োজন করে।
সেমিনারে উপাচার্য প্রফেসর ফরিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, মানসিক স্বাস্থ্য মানুষের সার্বিক সুস্থতা, কর্মক্ষমতা ও জীবনমানের একটি অপরিহার্য অংশ। শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতাও সমান গুরুত্বপূর্ণ। মানসিক স্বাস্থ্য সমস্যার অভিজ্ঞতা শোনা এবং তাদের অভিজ্ঞতা ও মতামতকে বিবেচনার প্রয়োজনীয়তা এবারের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্যে ফুটে উঠেছে। তাই এই প্রতিপাদ্য সময় উপযোগী ও গুরত্ববহ বলে উপাচার্য উল্লেখ করেন।
সেমিনারে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর আব্দুল আলিম তার বক্তব্যে বলেন, বাংলাদেশে মানসিক স্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতার অভাব, সামাজিক কুসংস্কার ও প্রয়োজনীয় সেবাপ্রাপ্তির সীমাবদ্ধতা মানসিক স্বাস্থ্য চিকিৎসার একটি বড় চ্যালেঞ্জ হয়ে আছে। মানসিক স্বাস্থ্যকে সামগ্রিক স্বার্থসেবার অংশ হিসেবে বিবেচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ সময়ের দাবি। তিনি আরও বলেন, পারস্পরিক সহমর্মিতা, সচেতনতা ও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গির মাধ্যমে আমরা এমন একটি সমাজ গড়ে তুলতে পারি যেখানে প্রত্যেকেই অধিকার ও প্রয়োজনীয় সহায়তা নিয়ে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারে।