জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহী মহানগরীতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নগরীর আলুপট্টি মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একটি পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় জামায়াতের নেতারা বলেন, জনস্বার্থবিরোধী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা না হলে প্রয়োজনের জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। জনগণের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত নিয়মতান্ত্রিক কর্মসূচি অব্যাহত থাকবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দীন সরকারের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম। মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মহানগরীর নায়েবে আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) রাজশাহী মহানগরীর সভাপতি সারোয়ার জাহান প্রিন্স, তরবিয়ত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুস সামাদ এবং জামায়াতে ইসলামীর যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগরীর সহপ্রচার ও মিডিয়া সেক্রেটারি মোস্তাফিজুর রহমান আশু, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, রাজপাড়া থানা আমির নূরুল ইসলাম মনি, কাশিয়াডাঙ্গা থানা আমির ফরিদ উদ্দিনসহ মহানগরী ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় নেতারা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি শুধু একটি পণ্যের দাম বাড়ানো নয়; এর সঙ্গে পরিবহন, কৃষি, উৎপাদন, ব্যবসা-বাণিজ্যসহ অর্থনীতির বিভিন্ন খাতের ব্যয় সরাসরি সম্পৃক্ত। ফলে এর প্রভাব সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর পড়বে।
তারা আরও বলেন, জনস্বার্থসংশ্লিষ্ট যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জনগণের মতামত, জীবনযাত্রার ব্যয় এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নেওয়া জরুরি। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ক্ষেত্রেও সরকারকে স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
নেতারা দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনগণের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে। এর প্রভাবে পরিবহন ব্যয় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তাই জনগণের ওপর বাড়তি চাপের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এ সময় নেতারা আরও অভিযোগ করেন, তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও সাধারণ মানুষ পর্যাপ্ত বিদ্যুৎ পাচ্ছে না। দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংকট রয়েছে। এর ফলে শিল্প-কলকারখানা বন্ধ হচ্ছে এবং কর্মসংস্থানের সুযোগ কমে যাচ্ছে।
তাদের দাবি, সরকারের দুর্নীতির কারণে দেশের অর্থনীতি কঠিন পরিস্থিতির মুখে পড়েছে। অবিলম্বে তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।