রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ বলেছেন, বিগত সময়ে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে। সেই পরিবেশ ফিরিয়ে আনতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীরা দেশের সম্পদ। তাদের নিয়মিত পাঠদান নিশ্চিত করা শিক্ষকদের দায়িত্ব। এতে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম আদর্শ মহাবিদ্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আবু সাঈদ চাঁদ বলেন, মনিগ্রাম আদর্শ মহাবিদ্যালয়ের উন্নয়নে বহুতল ভবন নির্মাণ, পুরোনো স্থাপনার সংস্কার এবং নিচু জায়গা ভরাটসহ প্রয়োজনীয় কাজ করা হবে। শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এলাকার সার্বিক উন্নয়নেও কাজ করা হবে।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসে দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। সে সময় দেশে খাদ্য সংকট ছিল। খাল খননের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। তাঁর দাবি, বিএনপি সাধারণ মানুষের দল এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দলটি আন্দোলন-সংগ্রাম করেছে।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে এমপি বলেন, বিএনপি নির্বাচনে অংশ নিয়ে ২১৯টি আসন পেয়ে সরকার গঠন করেছে। বিএনপির বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করে কোনো লাভ হবে না বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, এটিই বিএনপির আন্দোলনের সফলতা।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের উদ্দেশে আবু সাঈদ চাঁদ বলেন, তাঁকে কাজ করার সুযোগ দিতে হবে। কৃষকদের কৃষি কার্ড এবং সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। এ সময় ব্যক্তিগত প্রসঙ্গ টেনে রসিকতাও করেন এমপি।
স্থানীয় নির্বাচন প্রসঙ্গে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যারা নির্বাচনে অংশ নিতে চান, তাদের আগে জনগণের কাছে যেতে হবে এবং ভোটারদের মন জয় করতে হবে। এরপর নির্বাচনে আসতে হবে।
দলের নাম ব্যবহার করে কেউ ব্যবসা বা চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে কঠোর অবস্থানের হুঁশিয়ারি দিয়ে এমপি বলেন, যত বড় নেতাই হোক, দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে তার কোনো গ্রহণযোগ্যতা থাকবে না।
কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে ফুল ও ক্রেস্ট দিয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাইনুল ইসলাম আলাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক জিএস রুহুল আমিন। স্বাগত বক্তব্যও দেন তিনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রদর্শক হাফিজুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব আশরাফ আলী মলিন, জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার, বিএনপি নেতা মুজিবর রহমান জুয়েল, হেলাল উদ্দিন রিয়াল ও আব্দুস সামাদ মুকুল। এ সময় ‘অশ্রু পেরিয়ে সম্মানের মঞ্চে’ শীর্ষক স্বরচিত কবিতা পাঠ করেন অনার্সপড়ুয়া ছাত্রী জুলাসফি সরকার জুঁই।
অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাফর আলী, কলেজের সাবেক অধ্যক্ষ ফজলুল হাসান বাবু, প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আবু গফুর ফেলু, মনিগ্রাম ইউনিয়ন বিএনপি নেতা সাইদুর রহমান কচি, আমানুল হক পিন্টু, সামিউল হক, মকুল হোসেন, বকুল হোসেন ও গোলাম মোস্তফাসহ মনিগ্রাম উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয় ও কয়েকটি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।