রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) চলমান স্থাপন প্রকল্পের অগ্রগতি ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) প্রেসিডেন্ট, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও রামেবির সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (চমেবি) উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ।
পরিদর্শনকালে তাঁরা বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং প্রকল্পের অগ্রগতি ও কাজের মান পর্যবেক্ষণ করেন। পরে তাঁরা চলমান কার্যক্রমের গতি ও মানে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে স্বাস্থ্যশিক্ষার বৈশ্বিক মানদণ্ড ও ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় প্রকল্পটি আরও আধুনিক, যুগোপযোগী ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার আলোকে বাস্তবায়নে বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা দেন।
এ সময় রামেবির উপাচার্য প্রফেসর ডা. মোহাঃ জাওয়াদুল হক তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান। পরিদর্শনকালে রামেবির উপ-রেজিস্ট্রার ডা. মোফাখখারুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক প্রকৌশলী মো. নজিবুর রহমানসহ স্থাপন প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ রামেবির বিভিন্ন প্রশাসনিক দপ্তর পরিদর্শন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমের মানোন্নয়ন ও দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ নিয়ে রামেবির উপাচার্য প্রফেসর ডা. মোহাঃ জাওয়াদুল হকের সঙ্গে মতবিনিময় করেন।
সংশ্লিষ্টরা জানান, দেশের চিকিৎসাবিদ ও একাডেমিশিয়ানদের এ ধরনের পরিদর্শন ও মতবিনিময়ের মাধ্যমে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন এবং ভবিষ্যৎ প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।