রাজশাহীর বাঘায় দুইটি অবৈধ বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলিসহ মোছা. রোজিনা খাতুন (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাঘা উপজেলার আলাইপুর (নাপিতপাড়া) গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রোজিনা ওই গ্রামের পলাতক আসামি রুবেল হোসেনের স্ত্রী।
(ডিএসবি) রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আলাইপুর গ্রামের রোজিনা খাতুনের বাড়িতে অবৈধ অস্ত্র ও গুলি মজুত থাকার খবর পেয়ে অভিযান চালানো হয়। ডিবির উপস্থিতি টের পেয়ে রোজিনা পালানোর চেষ্টা করেন। পরে তার বসতঘর তল্লাশি করে শয়নকক্ষের খাটের নিচে সাদা পলিথিনে মোড়ানো একটি শপিং ব্যাগ থেকে কাঠের বাটসদৃশ হাতলযুক্ত দুইটি বিদেশি পিস্তল, তিনটি খালি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অভিযানের সময় রোজিনার স্বামী রুবেল হোসেন (৪৮) কৌশলে পালিয়ে যান। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, রোজিনা খাতুনের বিরুদ্ধে বাঘা থানায় একটি মামলা রয়েছে। রুবেল হোসেনের বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় ১৩টি, নরসিংদীতে একটি এবং কুষ্টিয়ায় একটি মামলা রয়েছে।
হেরোইনসহ গ্রেপ্তার ১
গোদাগাড়ীতে ৫০ গ্রাম হেরোইনসহ মো. আবুল হাসান (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার বিকেলে গোদাগাড়ী মডেল থানার মাটিকাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সহড়াগাছী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবুল হাসান মাটিকাটা (রেলগেট) গ্রামের মৃত আইনুদ্দিনের ছেলে।
জেলা ডিবি পুলিশ জানায়, মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ডিবির এসআই (নিরস্ত্র) আব্দুল মতিন সঙ্গীয় ফোর্স নিয়ে গোদাগাড়ী এলাকায় দায়িত্ব পালন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, সহড়াগাছী গ্রামের একটি বাড়ির সামনে মাটিকাটা বাইপাস মোড় থেকে হাবাসপুরগামী সড়কে এক ব্যক্তি হেরোইন বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।
পরে সেখানে অভিযান চালালে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করে তল্লাশি চালিয়ে পরিহিত লুঙ্গির ডান কোঁচ থেকে সাদা স্বচ্ছ পলিথিনে মোড়ানো বাদামি রঙের গুঁড়া জাতীয় পদার্থ উদ্ধার করা হয়। পরীক্ষা করে সেটি ৫০ গ্রাম হেরোইন বলে নিশ্চিত করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার আবুল হাসানের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।