রাজশাহীর বারাহী, নবগঙ্গা, স্বরমঙ্গলা ও বারনই নদীর দখল-দূষণ বন্ধসহ ছয় দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় নওহাটা ব্রিজ এলাকায় বারনই নদীর পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নবগঙ্গা, বারাহী ও বারনই নদীপাড়ের মানুষ, জেলে, মৎস্যজীবী, নদী গবেষক, সামাজিক আন্দোলনকর্মী ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেন। বরেন্দ্র ইয়ুথ ফোরাম, গ্রিন কোয়ালিশন, নওহাটা মৎস্যজীবী সমবায় সমিতি ও উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহী নগরের বিভিন্ন ড্রেন ও নালা দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ বিষাক্ত তরল ও কঠিন বর্জ্য, এমনকি মেডিকেল বর্জ্যও, স্বরমঙ্গলা, বারাহী ও নবগঙ্গা নদীর মাধ্যমে প্রবাহিত হয়ে বারনই নদীতে গিয়ে পড়ছে। এসব বর্জ্য নিম্নাঞ্চলে জমা হয়ে সাপমারার বিল, বকমারি বিল, ভূগরোইল বিল, পাইকরের বিল, বড়বাড়িয়া বিল ও কর্ণহার বিলের কৃষি, মৎস্যসম্পদ ও প্রাকৃতিক বাস্তুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে।
বক্তারা আরও বলেন, দূষিত পানি জমে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। কমে যাচ্ছে জলজ উদ্ভিদ ও মাছের উৎপাদন। দূষিত পানি কৃষিজমিতে প্রবেশ করায় মাটির গুণগত মান নষ্ট হচ্ছে এবং ফসলে ভারী ধাতুসহ ক্ষতিকর উপাদান জমার ঝুঁকি তৈরি হয়েছে। এতে কৃষি উৎপাদন ও নিরাপদ খাদ্য উৎপাদন হুমকির মুখে পড়েছে। দীর্ঘমেয়াদে এর নেতিবাচক প্রভাব জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার ওপর পড়তে পারে।
তাদের অভিযোগ, নদীপাড়ের মানুষের মধ্যে চর্মরোগ, পানিবাহিত রোগ ও দুর্গন্ধজনিত শ্বাসকষ্টের ঝুঁকি বাড়ছে। শিশু, নারী ও বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। একই সঙ্গে মৎস্যজীবী ও কৃষকসহ নিম্নআয়ের মানুষ দূষণের সরাসরি প্রভাব বহন করছেন।
নদী গবেষক মাহবুব সিদ্দিকী বলেন, গঙ্গা-পদ্মা থেকে উৎসারিত এসব নদী একসময় স্বাভাবিক প্রবাহ ও প্রাণবৈচিত্র্যে সমৃদ্ধ ছিল। বর্তমানে নদীগুলোর পানি কালচে ও দুর্গন্ধযুক্ত হয়ে পড়েছে। তলদেশে পলি ও প্লাস্টিক জমে প্রাকৃতিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং মাছসহ জলজ প্রাণীর উপস্থিতি কমে গেছে। এতে স্থানীয় জেলেরা আয় হারাচ্ছেন। রাজশাহীতে অবিলম্বে কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা প্রয়োজন।
নদীপাড়ের বাসিন্দা সুভদ্রা রানী হালদার বলেন, নদীর পানিতে নামলে শরীরে বিভিন্ন ধরনের চর্মরোগ হচ্ছে। তিনি নিজের হাতের ক্ষত দেখিয়ে বলেন, দীর্ঘদিন ধরে ক্ষতটি ভালো হচ্ছে না।
নওহাটা মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবু সামা বলেন, দীর্ঘদিন ধরে শহরের দূষিত পানির বিষয়ে বলা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নদীপাড়ের মানুষ এ সমস্যার দ্রুত সমাধান চান।
বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি মো. আতিকুর রহমান বলেন, কোনো ধরনের বর্জ্য পরিশোধন ছাড়াই নগরীর তরল বর্জ্য, মেডিকেল বর্জ্য ও কলকারখানার বর্জ্য বিভিন্ন ড্রেনের মাধ্যমে বারাহী ও নবগঙ্গা নদী হয়ে বারনই নদীতে পড়ছে। এতে নদীগুলোর মাছ ও জলজ বাস্তুতন্ত্র ধ্বংস হচ্ছে। দূষিত পানি বিলের কৃষিজমিতে প্রবেশ করায় কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদনও মারাত্মক হুমকির মুখে পড়ছে।
পবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী শহিদুল ইসলাম বলেন, নওহাটা পৌরসভার বর্জ্য সরাসরি নদীতে ফেলা হচ্ছে। রাজশাহীর বিভিন্ন পৌরসভার বর্জ্যও যাতে নদীতে ফেলা না হয়, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি মনিটরিং ব্যবস্থা আরও জোরদার এবং কমিউনিটিভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তুলতে হবে।
নওহাটার দেবেন হালদার বলেন, ‘আমরা আমাদের জীবিকা ফেরত চাই। মাছ ধরেই আমাদের জীবন চলে। কিন্তু দূষণের কারণে এখন নদীতে মাছ নেই।’
মানববন্ধনে গ্রিন কোয়ালিশন, পবা উপজেলা শাখার সভাপতি রহিমা খাতুন ছয় দফা দাবি তুলে ধরেন।