তানোরে রাতভর টানা ভারি বৃষ্টিতে উপজেলার নিচু এলাকায় গড়ে ওঠা গুচ্ছগ্রামগুলোর অধিকাংশ ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে। আকস্মিক বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন এসব গ্রামের দরিদ্র ও অসহায় পরিবারগুলো। অনেকেই বাধ্য হয়ে আশপাশের উঁচু এলাকার মানুষের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
সোমবার দুপুরে উপজেলার কোয়েল উত্তরপাড়া গুচ্ছগ্রামে সরেজমিনে দেখা যায়, সেখানে প্রায় ২০টি বাড়ির প্রতিটি ঘরেই পানি প্রবেশ করেছে। চারপাশে জমে রয়েছে পানি। বসবাসকারী পরিবারগুলো নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে উঁচু এলাকার বিভিন্ন বাড়ি ও উঠানে আশ্রয় নিয়েছেন।
গুচ্ছগ্রামের বাসিন্দা আবুল কাশেম বলেন, রাতে হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই ঘরের ভেতরে পানি ঢুকতে থাকে। পরে তাড়াহুড়ো করে পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন বাড়িতে আশ্রয় নিতে হয়েছে।
তিনি বলেন, এলাকাটি নিচু হওয়ায় সামান্য বৃষ্টিতেই চারপাশে পানি জমে যায়। আর ভারি বৃষ্টি হলে সেই পানি ঘরের ভেতরে ঢুকে পড়ে। আরেক বাসিন্দা আব্দুল জব্বার বলেন, ‘নিচু ধানিজমিতে গুচ্ছগ্রামগুলো তৈরি হওয়ায় প্রতিবছর বর্ষা মৌসুমে পানি উঠে বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। এতে দরিদ্র পরিবারগুলোকে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাতে হয়। বর্তমানে সহায়-সম্বলহীন পরিবারগুলো খুবই কষ্টে রয়েছে।’ ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি সহায়তার দাবি জানান তিনি।
পাঁচন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, ‘খবর পেয়ে ১ নম্বর ওয়ার্ডের সদস্য মফিজ উদ্দিনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পানি ঢুকে পড়ায় গুচ্ছগ্রামের বাসিন্দারা আপাতত আশপাশের বিভিন্ন বাড়িতে আশ্রয় নিয়েছেন। পানি কমতে কয়েকদিন সময় লাগতে পারে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) জানানো হয়েছে।’ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকারি সহায়তা প্রয়োজন বলেও জানান তিনি।
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান বলেন, কোয়েল উত্তরপাড়া আশ্রয়ণ প্রকল্পের গুচ্ছগ্রামের ঘরবাড়িতে পানি ঢোকার খবর তিনি পেয়েছেন। ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে।