নাটোরে অভিযান চালিয়ে ১০৫ গ্রাম হেরোইনসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। বুধবার রাত সাড়ে ৯টার দিকে নাটোর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বড়গাছা বড়মোড় এলাকায় এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাকিবুর রহমান ওরফে শাকিব (৩৮) তিনি গোদাগাড়ী উপজেলার আলীপুর মহিষালবাড়ী গ্রামের বাসিন্দা ও মিন্টু আকন্দ (৪৩) জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর জোড়পুকুরিয়া গ্রামের বাসিন্দা।
র্যার -৫ এর অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসাদ কম্পিউটার দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পরে জিজ্ঞাসাবাদে শাকিব জানান, বিশেষ কায়দায় তার পায়ুপথে হেরোইন বহন করছিলেন তিনি। তার দেওয়া তথ্যের ভিত্তিতে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহে বিশেষ প্রক্রিয়ায় লুকিয়ে রাখা ১০৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে শাকিব আরও জানান, রনি নামের এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে হেরোইন সংগ্রহ করে বিশেষ কায়দায় বহন করে মিন্টু আকন্দের কাছে পৌঁছে দিতে যাচ্ছিলেন তিনি। গ্রেপ্তার দুজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।