রাজশাহীতে জেনোম-২০২৬ উপলক্ষে স্নাতকোত্তর ভর্তি পরীক্ষার প্রস্তুতি ও বিশেষ বিসিএস বিষয়ক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ৩টার দিকে নগরীর নানকিং দরবার হল রুমে জেনোম একাডেমি অব মেডিকেল সায়েন্সের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেনোম একাডেমি অব মেডিকেল সায়েন্সের ম্যানেজিং ডিরেক্টর ডা. গোলাম রাব্বানীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার ও মাইক্রোবায়োলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডা. আব্দুস সালাম।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা. আব্দুস সালাম বলেন, যাদের স্বপ্ন আকাশছোঁয়া, মেডিকেল সায়েন্সে যারা প্রতিষ্ঠিত হতে চান, বিভিন্ন স্পেশালিটিতে যারা বিশেষজ্ঞ হতে চান এবং এই বিশেষজ্ঞ হওয়ার পথপরিক্রমায় যারা একটি সুন্দর প্ল্যাটফর্মের খোঁজে আজ এখানে একত্রিত হয়েছেন, আমি তাদের স্বাগত জানাই।
জেনোম একাডেমির কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, “জেনোম’ ও ‘একাডেমি’ দুটি গুরুত্বপূর্ণ শব্দ। জেনোমের সঙ্গে আমারও অনেকটা পরিচয় আছে। প্রচলিত অর্থে জেনোম বলতে জিনের সামগ্রিক সমষ্টিকে বোঝায়। তবে আমার দৃষ্টিতে জেনোম শব্দের ব্যাপ্তি আরও অনেক বড়। আমি মনে করি, জেনোমের যে ভিশন ও মিশন, তা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে।
তিনি আরও বলেন, আমরা এটিকে অনেক দূর এগিয়ে নিতে চাই। কারণ একজন মেডিকেল ডক্টর শুধু সার্ভিস প্রোভাইডার নন। এটি তার অন্যতম পরিচয়। পাশাপাশি তাকে একজন এডুকেটর, একজন রিসার্চার এবং পরিণত বয়সে একজন একাডেমিক লিডার হিসেবেও নিজেকে সমৃদ্ধ করতে হবে। একাডেমির ধারণা ও কনসেপশনও সেদিকেই নির্দেশ করে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের অ্যাডিশনাল চিফ মেডিকেল অফিসার ডা. আব্দুল ওয়াদুদ নাজিব এবং ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, রাজশাহীর ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. কাজী মহিউদ্দীন আহমেদ। এছাড়াও বিভিন্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ঋঈচঝ, গঝ/গউ, ডিপ্লোমা, গ.চযরষসহ বিভিন্ন স্নাতকোত্তর ভর্তি পরীক্ষা এবং বিশেষ বিসিএসের প্রস্তুতি, ক্যারিয়ার পরিকল্পনা ও চিকিৎসা শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলা নিয়ে আলোচনা করা হয়।