রাজশাহীতে মো. শাহিন আলী নামে এক সাবেক কর্মীকে সড়ক থেকে তুলে নিয়ে একটি ওয়ার্কশপে আটকে মারধরের অভিযোগ উঠেছে অটোস্পার্ক নামে একটি প্রতিষ্ঠানের মালিক ও কর্মীদের বিরুদ্ধে। শনিবার (২২ আগস্ট) রাত ১০টার দিকে সপুরা এলাকায় এ ঘটনা ঘটে।
শাহিনের অভিযোগ, বিসিকের প্রধান সড়কে যাওয়ার সময় অটোস্পার্কের ম্যানেজার শুভ ও প্রতিষ্ঠানের মালিক রাজু আহমেদের চাচা রুস্তম তাকে থামান। তারা কথা বলার কথা বলে তার মোবাইল ফোন কেড়ে নেন এবং ফোনটি বন্ধ করে দেন। পরে একটি গাড়িতে জোর করে তুলে তাকে অটোস্পার্কের সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া হয়।
শাহিন জানান, তিনি অটোস্পার্কে প্রায় তিন বছর চাকরি করেছেন। দুই থেকে আড়াই মাস আগে চাকরি ছেড়ে ঢাকায় চলে যান। পরে রাজশাহীর সপুরা সিল্কের বিপরীতে আরসি অটোমোবাইল অ্যান্ড কার নামে একটি নতুন ওয়ার্কশপে মেকানিক হিসেবে কাজ শুরু করেন। তার অভিযোগ, অটোস্পার্কের সার্ভিস সেন্টারে নিয়ে একটি কক্ষে আটকে তাকে প্রায় দেড় ঘণ্টা ধরে মারধর করা হয়। এ সময় লাঠি, গাছের ডাল ও স্টিলের পাইপ দিয়ে তাকে আঘাত করা হয়। একপর্যায়ে পাঁজরে গুরুতর আঘাত লাগলে তিনি আর রাজশাহীতে থাকবেন না এবং ঢাকায় চলে যাবেন বলে জানান। পরে রাত সাড়ে ১১টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।
শাহিনের আরও অভিযোগ, মারধরের পর তার কাছ থেকে জোর করে ফাঁকা কাগজে আঙুলের ছাপ ও স্বাক্ষর নেওয়া হয়। রাজশাহীতে থাকলে তাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। পরে তিনি ভয়ে ঢাকায় চলে যান।
শাহিনের বর্তমান কর্মস্থল আরসি অটোমোবাইল অ্যান্ড কারের ম্যানেজার সোয়াদ আহমেদ বলেন, রাতে শাহিন ওয়ার্কশপ থেকে বের হওয়ার পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, শাহিন ঢাকায় চলে গেছেন। পরে শাহিনের কাছ থেকে তিনি ঘটনার বিস্তারিত জানতে পারেন।
সোয়াদ আহমেদের ভাষ্য, শাহিন আগে অটোস্পার্কে চাকরি করতেন। চাকরি ছেড়ে ঢাকায় থাকার পর তাদের নতুন ওয়ার্কশপে যোগ দেন। শাহিনকে অটোস্পার্কের লোকজন ধরে নিয়ে যাওয়ার সময় তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং পরে তাকে ওয়ার্কশপে নিয়ে মারধর করা হয় বলে তিনি জানান।
অভিযোগের বিষয়ে অটোস্পার্কের মেকানিক ইঞ্জিনিয়ার মো. আমির বলেন, তিনি ফোনে এ বিষয়ে কথা বলতে আগ্রহী নন। প্রতিবেদককে তিনি বলেন, “আপনাকে চিনি না, জানি না। কেন বলব? আমি এ ঘটনার কিছুই জানি না।” আপনি আমাদের অফিসে আসেন তখন বলবো।
এ বিষয়ে বোয়ালিয়ে থানার ডিউটি অফিসার মেহেদী হাসান বলেন, সোয়াদ আহমেদের পক্ষ থেকে শাহিন নিখোঁজের বিষয়ে একটি জিডি করা হয়েছে। তবে জিডিটি অসম্পূর্ণ হওয়ায় প্রয়োজনীয় তথ্য দিতে বলা হয়েছে।