রাজশাহী মহানগর পুলিশের-আরএমপি সদর দপ্তর থেকে সরিয়ে ফেলা বেগম খালেদা জিয়ার নাম ফলক পুন:স্থাপন করলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। শনিবার সকালে তিনি সরিয়ে ফেলা ফলকের আদলে বানানো ফলক পুনরায় স্থাপন করেন। এসময় ভূমিমন্ত্রী বলেন, ১৯৯২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)-এর সূচনা ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। কিন্তু পরর্তিতে এই নামফলকটি সরিয়ে ফেলা হয়। আজ ঐতিহাসিক সেই ফলক বসানো হলো। তিনি বলেন, রাজশাহীর যে উন্নয়ন তা শুরু করেছিলেন বেগম খালেদা জিয়া। আর বর্তমান প্রধানমন্ত্রী রাজশাহীর উন্নয়নে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছেন। যা খুব শীঘ্রই মানুষ দেখতে পাবেন।
তিনি বলেন, রাজশাহীকে শান্তি ও নিরাপদ রাখতে আইন তার নিজস্ব গতিতে চলবে এবং অপরাধীদের দমনে পুলিশকে কোনো প্রকার রাজনৈতিক চাপে মুখে পড়তে হবে না। বিগত ১৭ বছরে স্বৈরাচারী সরকারের আমলে সীমান্তবর্তী এলাকা থেকে শত শত কোটি টাকার মাদক ও অবৈধ চোরাচালান দেশের অভ্যন্তরে প্রবেশ করানোর অপচেষ্টা চালানো হয়েছে। এই চক্রকে তিনি জাতির শত্রু বলে আখ্যায়িত করেন এবং মাদক ও চোরাচালানের বিরুদ্ধে আরএমপিকে আরও কঠোর হতে বলেন।
অনুষ্ঠানের শেষে রাজশাহীর শান্তি, শৃঙ্খলা ও সমৃদ্ধি কামনা করে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপ¯ি’ত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী ঈশা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, আরএমপি ও প্রশাসনের কর্মকর্তা, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা।