বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অভিযান ৬২ বোতল মদ ও ৭৫ বোতল সিরাপ জব্দ করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১২টার দিকে চারঘাট ও ইউসুফপুর বিওপির সদস্যরা এসব মাদক জব্দ করেন। বিজিবির অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, রাতে চারঘাট থানার মুক্তারপুর গ্রামের পাশের পদ্মা নদীর তীরে অভিযান চালায়। এ সময় নদীর পাড়ের জঙ্গলে একটি পরিত্যক্ত বস্তা দেখতে পেয়ে তল্লাশি চালিয়ে ৬২ বোতল ভারতীয় জেডি মদ জব্দ করা হয়।
এদিকে রাত সোয়া ১টার দিকে ইউসুফপুর বিওপির নিয়মিত টহল দল গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট থানার কান্দিপাড়া খেজুর বাগান এলাকায় অবস্থান নেয়। একপর্যায়ে মাদক কারবারিদের উপস্থিতি টের পেয়ে টহল দল এগিয়ে গেলে তারা পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে আমবাগানের মধ্যে একটি পরিত্যক্ত বস্তা থেকে ৭৫ বোতল ভারতীয় ট্রাইপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড অ্যান্ড কোডিন ফসফেট সিরাপ জব্দ করা হয়। জব্দ করা মাদকদ্রব্য চারঘাট মডেল থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।