• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ক্যানসারে একে একে স্বজন হারাচ্ছে পরিবার

আব্দুল আলিম
সর্বশেষ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
ক্যানসারে একে একে স্বজন হারাচ্ছে পরিবার
ক্যানসারে একে একে স্বজন হারাচ্ছে পরিবার

দাদা, বাবা ও দুই চাচাকে ক্যানসারে হারিয়েছে ইসরাত জাহান ও পাঁচ বছরের জুনায়েদ ইসলাম। তাদের মা মোছা. ঝরনা বেগমও এখন চতুর্থ পর্যায়ের ব্রেন ক্যানসারে আক্রান্ত। বড় চাচা শফিকুল ইসলামের শরীরেও বাসা বেঁধেছে চতুর্থ পর্যায়ের কোলন ক্যানসার। একের পর এক স্বজন হারিয়ে বাবা-মায়ের ছায়াহীন হয়ে পড়া দুই শিশুর ভবিষ্যৎ এখন অনিশ্চিত।

Advertisements

হৃদয়বিদারক এই ঘটনাটি রাজশাহীর মোহনপুর উপজেলার ঘাষিগ্রাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আতানারায়ণপুর গ্রামের। একসময় স্বচ্ছল ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত পরিবারটির এখন চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে জমিজমা বিক্রি ও বন্ধক রাখতে হয়েছে। বেড়েছে ঋণের বোঝা। পরিবারের সদস্যদের চিকিৎসায় প্রায় এক কোটি টাকা ব্যয় হয়েছে বলে স্বজনেরা জানিয়েছেন।

পরিবারটির কর্তাব্যাক্তি আব্দুল হামিদ ছিলেন ধনাঢ্য ব্যবসায়ী। তার পাঁচ ছেলের সবাই ছিলেন চাকরিজীবী। কেউ কলেজ শিক্ষক, কেউ স্কুল বা মাদ্রাসার শিক্ষক। কিন্তু কয়েক বছরের ব্যবধানে ক্যানসার কেড়ে নিয়েছে আব্দুল হামিদ ও তার তিন ছেলেকে। ২০২০ সালে প্রায় ৪৬ বছর বয়সে লিভার ক্যানসারে মারা যান আব্দুল হামিদের ছেলে সাদরুল ইসলাম। ২০২২ সালে ৮০ বছর বয়সে একই রোগে মারা যান আব্দুল হামিদ। ২০২৪ সালে প্রায় ৪০ বছর বয়সে লিভার ক্যানসারে মারা যান সেজ ছেলে মামুন অর রশিদ। তিনি স্থানীয় আত্রাই আলিম মাদ্রাসার শিক্ষক ছিলেন। পরের বছর মারা যান আরেক ছেলে এসারুল ইসলাম। তার বয়সও ছিল প্রায় ৪০ বছর।
এখন ক্যানসারের সঙ্গে লড়ছেন এসারুলের বড় ভাই শফিকুল ইসলাম। তিনি স্থানীয় আতানারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। ২০২২ সালের দিকে তার কোলন ক্যানসার ধরা পড়ে। অস্ত্রোপচারের পর চিকিৎসা চলছে। তার ক্যানসার বর্তমানে চতুর্থ পর্যায়ে।
শফিকুল ইসলাম বলেন, বাবা ও পরপর ছোট তিন ভাইকে ক্যানসারে হারিয়েছি। এখন নিজেকেও একই রোগের সঙ্গে লড়তে হচ্ছে। পরিবারের চিকিৎসায় প্রায় এক কোটি টাকা ব্যয় হয়েছে। জমি বিক্রি ও বন্ধক রাখতে হয়েছে। এখন আমরা ঋণগ্রস্ত।

স্বামীকে হারিয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন ঝরনা
এসারুল ইসলাম ছিলেন মোহনপুর মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করা এসারুল ২০১১ সালে গাজীপুরের মেয়ে ঝরনা বেগমকে বিয়ে করেন। তাদের সংসারে জন্ম নেয় ইসরাত ও জুনায়েদ।
স্বামীর চিকিৎসার জন্য চারবার ভারতে যেতে হয়েছিল ঝরনাকে। সেখানে চিকিৎসার পেছনে প্রায় ২০ লাখ টাকা খরচ হয়। শেষবার চিকিৎসকেরা এসারুলের বেঁচে থাকার সম্ভাবনা নাকচ করে দেন। তখন ভারতে থাকা অবস্থায়ই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন ঝরনা। পরে তার মস্তিষ্কে ক্যানসার ধরা পড়ে।

এসারুলের মৃত্যুর মাত্র এক মাস পর ঝরনার ব্রেন ক্যানসার শনাক্ত হয়। বর্তমানে তার ক্যানসার চতুর্থ পর্যায়ে। ঢাকায় তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছে। নিয়মিত কেমোথেরাপি চলছে। স্ট্রোকের কারণে তার ডান হাত-পা অবশ। কথা বলতেও কষ্ট হয়। অনেক কিছু মনে রাখতে পারেন না।
তারপরও এক হাত দিয়ে রান্না করেন ঝরনা। স্কুল থেকে ফিরে ছেলে জুনায়েদ মাকে কাজে সাহায্য করে। মেয়ে ইসরাত অনেক সময় আগের দিনের তরকারি দিয়ে ভাত নিয়ে স্কুলে যায়।

ঝরনা সরকারি হাসপাতালে চিকিৎসা নেন। মানুষের সহায়তায় ওষুধ কেনেন। টাকা না থাকলে কখনো কখনো ওষুধ খাওয়াও বন্ধ রাখতে হয়। প্রতি মাসে প্রায় আট হাজার টাকার ওষুধ প্রয়োজন হয়। স্বামীর চিকিৎসার জন্য সোনালী ব্যাংক থেকে প্রায় আট লাখ টাকা ঋণ নেওয়া হয়েছিল। এখনো প্রায় পাঁচ লাখ টাকা বাকি। সম্প্রতি তিন মাসের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করতে নিজের মুঠোফোনটিও বিক্রি করেছেন ঝরনা।
আমার বাবা নেই গত শনিবার বিকেলে বাড়িতে গিয়ে দেখা যায়, অসুস্থ ঝরনা দুই সন্তানকে পাশে নিয়ে কাঁদছেন। কথা বলার সময় তাঁর মুখে জড়তা স্পষ্ট। স্বামীর চিকিৎসার স্মৃতিচারণ করতে গিয়ে বারবার আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

বাবার কথা উঠতেই কেঁদে ফেলে ১১ বছরের ইসরাত। বাবার চিকিৎসার সময় মা-বাবার সঙ্গে চারবার ভারতে গিয়েছিল সে। হাসপাতালের অপেক্ষার সময় রঙপেনসিলে বাংলাদেশের প্রকৃতি ও জাতীয় স্মৃতিসৌধ আঁকত। এক চিকিৎসক তার আঁকা ছবি দেখে তাকে খাতা, রং ও পেনসিল কিনে দিয়েছিলেন। সেই ছবিগুলো এখনো যত্ন করে রাখা আছে। ইসরাত বলে, আমার সহপাঠীদের বাবা তাদের সঙ্গে আসে। চকলেট থেকে শুরু করে কত কী কিনে দেয়। কিন্তু আমার বাবা নেই। আমাকে কেউ দেয় না। মা-ও ব্রেন ক্যানসারে ঘরে পড়ে আছে। মাত্র পাঁচ বছরের জুনায়েদ এখনো পুরোপুরি বুঝতে পারে না ক্যানসার কী। তবে বাবার অনুপস্থিতি আর মায়ের অসুস্থতা তার ছোট্ট জীবনে তৈরি করেছে এক অদৃশ্য শূন্যতা।

পরিবারের অন্য সদস্যদেরও নানা রোগ
পরিবারের ছোট ছেলে আনোয়ার হোসেনের বয়স ৩৮ বছর। তিনি হেপাটাইটিস-বি পজিটিভ। ২০২২ সালে বিয়ে করলেও এখনো সন্তান নিতে পারেননি বলে পরিবার জানিয়েছে। বড় মেয়ে রাশেদা, বয়স ৪২ বছর, তিনিও হেপাটাইটিস-বি পজিটিভ। হাবিবা খাতুনের বয়স ৩৭ বছর। তার পেটে আলসার ও পিত্তথলিতে পাথর রয়েছে। ছোট দুই বোন নাসিমা ও ফারহানা এখনো সুস্থ। তাদের বয়স ৩০ থেকে ৩৩ বছরের মধ্যে। তবে প্রায় ৪০ বছর বয়সে তিন ভাইয়ের ক্যানসারে মৃত্যু এবং আরেক ভাইয়ের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঘটনায় পরিবারের সুস্থ সদস্যদের মধ্যেও তৈরি হয়েছে আতঙ্ক।

একসময় পরিবারটি ছিল স্বচ্ছল
প্রতিবেশী মো. আলম বলেন, একসময় পরিবারটি এলাকায় স্বচ্ছল ও প্রতিষ্ঠিত হিসেবে পরিচিত ছিল। পরিবারের প্রায় সবাই চাকরিজীবী ছিলেন। তাদের মধ্যে পিএইচডিধারী একজন অধ্যাপকও ছিলেন। একের পর এক মৃত্যুর ঘটনায় বড় পরিবারটি এখন প্রায় নিশ্চিহ্ন। আরেক প্রতিবেশী ফারহানা বলেন, পরিবারের সদস্যরা এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু একের পর এক মৃত্যু ও চিকিৎসার ব্যয়ে পরিবারটি এখন চরম অসহায়। ছোট সন্তানদের নিয়ে সংসার চালানোও কঠিন হয়ে পড়েছে। তিনি পরিবারটির চিকিৎসা ও শিশুদের ভবিষ্যতের জন্য সরকারি সহায়তার দাবি জানান।

বাড়ির পুরোনো ঘরগুলোও যেন পরিবারের ভাঙনের সাক্ষী। মাটির তৈরি দোতলার ওপর মামুন অর রশিদের ঘরটি তার মৃত্যুর পর থেকে খালি পড়ে আছে। তার দুই সন্তানের একজন মায়ের সঙ্গে, অন্যজন নানির কাছে। ইসরাতের দাদি মেয়ের বাড়িতে থাকেন। অন্য চাচারাও আলাদা সংসারে চলে গেছেন। একসময় পাঁচ ভাইয়ের পরিবার নিয়ে যে বাড়িতে কোলাহল ছিল, সেখানে এখন নেমে এসেছে নীরবতা।

শিশুদের ভবিষ্যৎ নিয়ে ভাবনা
মোহনপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমাম হোসেন শামীম বলেন, পরিবারটিকে ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। রোগী কল্যাণ ফাউন্ডেশন থেকেও কিছু ওষুধের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, দুই শিশুর ভবিষ্যতের কথা বিবেচনা করে প্রয়োজন হলে রাজশাহীর এসওএস শিশু পল্লীর সঙ্গে যোগাযোগের প্রস্তুতিও রয়েছে।
আতানারায়ণপুরের এই পরিবারে ক্যানসার শুধু চারজনের প্রাণ নেয়নি; কেড়ে নিয়েছে পরিবারের স্বচ্ছলতা, সম্পদ ও নিরাপত্তাও। সবচেয়ে বড় অনিশ্চয়তার মধ্যে পড়েছে বাবা হারানো ইসরাত ও জুনায়েদের জীবন। তবু ইসরাত রঙপেনসিল হাতে ছবি আঁকে। পড়াশোনা করে বড় হওয়ার স্বপ্ন দেখে। নতুন ছবিতে হয়তো আবার একটি সুখী পরিবার আঁকবে সে। কিন্তু সেই ছবিতে বাবাকে আর ফিরিয়ে আনা সম্ভব হবে না। এখন পরিবারের একটাই আকুতি অসুস্থ মায়ের চিকিৎসার পাশাপাশি ইসরাত ও জুনায়েদের শৈশব, পড়াশোনা ও ভবিষ্যৎ যেন ক্যানসারের নির্মম ছায়ায় হারিয়ে না যায়।


আরো খবর