বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগ এবং ভিভো মোবাইল কমিউনিকেশন কোং লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত মোবাইল ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬ এর আওতায় বিশেষ ফটোগ্রাফি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত ১০ থেকে ১৫ আগস্ট পর্যন্ত ছবি জমাদান পর্ব শেষে বাছাইকৃত ৩০ জন শিক্ষার্থী-ফটোগ্রাফার রোববার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত জেসিএমএস বিভাগের ল্যাবে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ভিভোর আরিফুল ইসলাম শাওন (টেরিটরি রিটেইল ম্যানেজার) এবং হাসিব আলম (টেরিটরি রিটেইল এক্সিকিউটিভ)। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেসিএমএস বিভাগের কো-অর্ডিনেটর (ভারপ্রাপ্ত) সাজ্জাদ হোসেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, মোবাইল ফটোগ্রাফি এখন গল্প বলার একটি শক্তিশালী মাধ্যম। শিক্ষার্থীদের সৃজনশীলতাকে আরও পরিশীলিত করতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শিক্ষার্থীদের বিনোদনের জন্য ভিভোর পক্ষ থেকে গেম জোনের ব্যবস্থা করা হয়। এ ছাড়া প্রতিযোগিতায় সেরা তিন ফটোগ্রাফারকে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার। পাশাপাশি থাকছে টেকনোলজি এক্সপেরিয়েন্স বুথসহ বিভিন্ন আয়োজন। আগামী ১৭ আগস্ট সনদপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরো আয়োজনের সমাপ্তি হবে। কর্মসূচিটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন জেসিএমএস বিভাগের প্রভাষক মুহাম্মদ রাকিব হোসাই এবং জসীম উদ্দীন।