বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘ছোট্ট স্বপ্ন’ এক যুগে পদার্পণ করেছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৬ আগস্ট) বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ থেকে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্লাজা চত্বরে গিয়ে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে জাতীয় সংগীত পরিবেশন ও জুলাই যোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক মো. শামীম আহসান পারভেজ, রেজিস্ট্রার লে. কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অব.), প্রক্টর ও পাবলিক হেলথ বিভাগের প্রধান ডা. আব্দুল আউয়াল এবং ছাত্র উপদেষ্টা ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানে ‘ছোট্ট স্বপ্ন’-এর বিভিন্ন বিভাগের মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন এনএফই বিভাগের কো-অর্ডিনেটর ড. সুলতানা রাজিয়া, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নিখাতে জান্নাত বিনতে জিন্নাহ, ইইই বিভাগের প্রভাষক পার্থ কুমার নন্দ, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. রাকিবুল ইসলাম ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কেশবচন্দ্র বিশ্বাস। নতুন মডারেটর হিসেবে যুক্ত হয়েছেন বিবিএ বিভাগের প্রভাষক মো. সাজেদুর রহমান।
এ ছাড়া এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শামীমা সুলতানা মায়া ও সাংগঠনিক সম্পাদক তাহমিদ জাকি এবং স্পন্সর অতিথি হিসেবে এডভান্স লাইফস্টাইলের পরিচালক মো. নাঈম ইসলাম উপস্থিত ছিলেন। সংগঠনের বিদায়ী একাদশ কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. আব্দুল আজিম শেখ ও সাধারণ সম্পাদক মো. রকি আলিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং বিদায়ী একাদশ কার্যনির্বাহী কমিটির সদস্যদের সার্টিফিকেট ও সম্মাননা দেওয়া হয়। একই সঙ্গে ‘ছোট্ট স্বপ্ন’-এর দ্বাদশ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হয়েছেন বিবিএ বিভাগের খন্দকার আকলিমা সুলতানা এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইইই বিভাগের মো. আল রাফি সনি।
অনুষ্ঠানের শেষভাগে ‘ছোট্ট স্বপ্ন’ স্কুলের শিক্ষার্থীরা নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশন করে। পরে এক যুগ পূর্তি উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
উল্লেখ্য, ‘ছোট্ট স্বপ্ন’ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একটি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন। সংগঠনটি সুবিধাবঞ্চিত ও পথশিশুদের শিক্ষা, মানবিক সহায়তা এবং সামাজিক উন্নয়নে কাজ করে আসছে।