২০২৪ সালের ৫ আগস্ট ঢাকায় যখন বিজয়ের উল্লাস শুরু হয়, তার ঠিক আগমুহূর্তে রাজশাহীর রাজপথে বয়ে যায় রক্তধারা। জুলাই অভ্যুত্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ শহরের বিভিন্ন প্রান্তে সংঘাত-সংঘর্ষ হলেও ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়নি। তবে শেষ দিনে পুলিশ ও সরকারদলীয় নেতা-কর্মীদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। প্রাণ হারান দুজন। আহত হন অনেকেই। রাজশাহী নগরীর আলুপট্টি ও আশপাশের এলাকার সেই রক্তক্ষয়ী সংঘর্ষ এখন ইতিহাসের অংশ। সেদিন প্রাণ হারানো দুই জুলাই যোদ্ধার পরিবার আজও তাদের প্রিয়জনের হত্যার বিচারপ্রক্রিয়া নিয়ে হতাশ।জুলাই অভ্যুত্থানে রাজশাহীর আন্দোলনের মূল নেতৃত্ব ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে। বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সমন্বয়করাও বলছেন, যে আশা নিয়ে তারা জীবন বাজি রেখেছিলেন, দুই বছরে তার অনেক কিছুই উপেক্ষিত রয়ে গেছে। তবে পরিবর্তিত মুক্ত পরিবেশ এবং কথা বলার অধিকার ফিরে পাওয়াকে তারা স্বস্তির জায়গা হিসেবে দেখছেন।ঢাকায় তখন সরকার পতনের বার্তা অনেকটাই স্পষ্ট। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার প্রক্রিয়ায় ব্যস্ত। ঠিক সেই সময় রাজশাহীর রাজপথে চলে তুমুল সংঘর্ষ।
৫ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী নগরীতে পুলিশ ও সরকারদলীয় নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। আন্দোলনকারীদের ওপর মুহুর্মুহু গুলি চালানো হয়। দুপুর প্রায় সোয়া ১টা পর্যন্ত আলুপট্টি ও শাহ মখদুম কলেজ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ হামলায় সেদিন নিহত হন সাকিব আঞ্জুম ও আলী রায়হান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয়ভাবে সেদিন ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করেছিল। কর্মসূচির সমর্থনে রাজশাহীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আগের দিনের অসহযোগ আন্দোলন এবং সরকার পতনের এক দফা দাবির কর্মসূচিতে রাজশাহীর সর্বস্তরের মানুষকে রাস্তায় নেমে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
আন্দোলনকারীরা সেদিন সকাল থেকেই নগরীর তালাইমারী মোড়ে জড়ো হতে থাকেন। সকাল থেকেই সেখানে গণজমায়েত শুরু হয়। টানা দুই ঘণ্টা স্লোগানে মুখরিত হয়ে ওঠে তালাইমারীসহ আশপাশের এলাকা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষও এই জমায়েতে অংশ নেন। জুলাই যোদ্ধারা জানান, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর সাহেববাজারের দিকে রওনা হন। সে সময় সাহেববাজারের কিছুটা আগেই আলুপট্টি মোড়ে অবস্থান নিয়েছিলেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। সেখানে বিপুলসংখ্যক পুলিশও ছিল। আন্দোলনকারীদের মিছিলের সামনের অংশ শাহ মখদুম কলেজ অতিক্রম করতেই হামলা শুরু হয়। এরপরও আন্দোলনকারীরা সামনে এগিয়ে যান। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পিছু হটলে একপর্যায়ে পুলিশের সঙ্গে
সংঘর্ষে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। শুরু হয় ত্রিমুখী সংঘর্ষ। ওই দিন বিকেলে প্রাণ হারান জুলাই যোদ্ধা সাকিব আঞ্জুম। সশস্ত্র হামলায় শতাধিক জুলাই যোদ্ধা আহত হন। এর মধ্যে একটি গুলি শিবির নেতা আলী রায়হানের মাথায় লাগে। রায়হানসহ গুলিবিদ্ধ হন অন্তত ৩০ জন। পরে চিকিৎসাধীন অবস্থায় আলী রায়হানের মৃত্যু হয়। তবে এর কিছুক্ষণ পরই শেখ হাসিনা দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়লে রাজশাহী মহানগরের রাস্তায় নেমে আসেন লাখো মানুষ।
রাজশাহীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ফিনল্যান্ডে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সাকিব আনজুম। কিন্ত তার সেই স্বপ্ন আর পূরণ হয়নি। ছেলে হারানোর শোকের পাশাপাশি বিচারহীনতার আশঙ্কাও তাড়া করছে পরিবারকে। সাকিবের মা রোকেয়া খাতুন বলেন, ‘ছেলেকে তো আর ফিরে পাব না। তাকে যারা হত্যা করেছে, তাদের যেন সঠিক বিচার হয়। বিচার হলেই কিছুটা সান্ত্বনা পাব। জুলাই আন্দোলনে আহতদেরও যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা উচিত। তার বাবা মাইনুল ইসলাম বলেন, আমার ছেলে কোনো ব্যক্তিগত লাভের জন্য জীবন দেয়নি। দেশকে ফ্যাসিবাদ ও দুর্নীতিমুক্ত করার স্বপ্ন নিয়েই সে শহীদ হয়েছে।
কিন্ত দুই বছরেও সেই আকাঙ্ক্ষারবাস্তবায়ন দেখছি না। মামলারও উল্লেখযোগ্য অগ্রগতি নেই। সবচেয়ে বড় কথা, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে যারা জীবন দিল, তাদের আকাক্ষার বিন্দুমাত্রও দেশে বাস্তবায়িত হয়নি। দেশটা তো বদলায়নি। বলতে হয়, কোনো পরিবর্তনই হয়নি। সামান্য কিছু পরিবর্তন হয়েছে, সেটাও ভবিষ্যতে থাকবে কি না, আমার সন্দেহ। এখন আমাদের একটাই চাওয়া—সঠিক বিচার। হত্যাকাণ্ডে জড়িতদের উপযুক্ত শাস্তি হোক। দুই বছর হয়ে গেলেও বিচারে তেমন কোনো অগ্রগতি নেই।
রাজশাহী কলেজের শিক্ষার্থী শহীদ আলী রায়হানের ভাই রানা ইসলাম বলেন, জুলাই আন্দোলনের মূল লক্ষ্য ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়া। কিস্ত দুই বছর পরও সেই প্রত্যাশা পূরণ হয়নি। মামলার চার্জশিট হলেও বিচারপ্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি নেই। এতে আমাদের মধ্যে সংশয় তৈরি হয়েছে।
রাজশাহীর আলোচিত এই দুই হত্যাকাণ্ডের বিচারের কার্যক্রম এখনো প্রাথমিক পর্যায়েই রয়েছে। গত বছরের সেপ্টেম্বরে এ দুই হত্যা মামলার চার্জশিট দেয় পুলিশ। দুটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, রাজশাহীর সাবেক সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ ২৪৪ জনকে আসামি করা হয়েছে। তবে এরপর মামলার উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। বিচারপ্রার্থীরা ক্ষুব্ধ হলেও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্য নিয়েই তারা কাজ করছেন।
এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এতে আসামি করা হয়েছে রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ ৩৮ জনকে। গত বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ) এ অভিযোগ দাখিল করে।
জুলাই অভ্যুত্থানে সরব ছিল রাবি ক্যাম্পাস চব্বিশের পুরো জুলাইজুড়েই আন্দোলনে উত্তাল ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়। আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি দেশজুড়ে বিশেষভাবে আলোচনায় আসে।
ছাত্রদের পাশাপাশি বিপুলসংখ্যক ছাত্রীর সক্রিয় অংশগ্রহণও আলোচিত হয়। পরে রাজশাহীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাও এ আন্দোলনে যুক্ত হন। জুলাইয়ের শেষ সপ্তাহে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন আরও বেড়ে যায়। শুরু হয় ব্যাপক ধরপাকড়, হামলা ও মামলা। তবে এসব বাধা শিক্ষার্থীদের দমিয়ে রাখতে পারেনি। বরং প্রতিরোধ আরও সংগঠিত হয়, আন্দোলনও ছড়িয়ে পড়ে বৃহত্তর পরিসরে। জুলাই যোদ্ধারা বলছেন, যে প্রত্যাশা নিয়ে তারা জীবনের ঝুঁকি নিয়েছিলেন, তার অনেক কিছুই এখনো বাস্তবায়িত হয়নি। তারপরও মতপ্রকাশের সুযোগ, গণতান্ত্রিক পরিবেশ এবং ভয়মুক্ত ক্যাম্পাস—এসব পরিবর্তনকে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন তারা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সমন্বয়ক মেহেদী সজীব বলেন, আমরা তখন সামনে এগিয়ে যাওয়া ছাড়া ভিন্ন কিছু ভাবতাম না। ভাবার সুযোগও ছিল না। রাবি ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে বিতাড়িত করতে পারার পর এ অঞ্চলের আন্দোলনে বাড়তি গতি আসে। বিভিন্ন স্কুল-কলেজের ছাত্ররাও আন্দোলনে যুক্ত হয়। রাবির ছাত্রীরাও স্বতঃস্ফূর্তভাবে এই সংগ্রামে যোগ দেয়। জুলাই অভ্যুত্থানের সময় সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষকও। লাঠিচার্জ কিংবা বন্দুকের সামনে শিক্ষকদের সেই অবস্থান আন্দোলনকারীদের সাহস ও আস্থা আরও বাড়িয়ে দেয়।
তিনি আরও বলেন, গেল দুই বছরে অনেক কিছু নিয়েই হতাশা আছে। যে লক্ষ্য নিয়ে আমাদের এই গণ-অভ্যুত্থান, তার অনেক কিছুই আজও বাস্তবায়িত হয়নি। অনেকগুলো আদৌ হবে কি না, তা নিয়েও সংশয় রয়েছে। তবে যে পরিবর্তনগুলো এসেছে, সেগুলোও কম নয়। বিশেষ করে মতপ্রকাশের স্বাধীনতা, গণতন্ত্র ফিরে আসা-এসব তো কম প্রাপ্তি নয়। ক্যাম্পাসের একক আধিপত্য ও সিট দখলের সংস্কৃতি থেকে মুক্তি পাওয়াও বড় অর্জন।