জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (রামেবি) দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয় (ডিসিইসি ভবন) প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
পরে সকাল সাড়ে ৯টায় রাজশাহীর সি অ্যান্ড বি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মো. জাওয়াদুল হকের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এরপর বেলা সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শেষ পর্বে বেলা সাড়ে ১১টায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ এবং আহতদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, দিবসটি উপলক্ষে আয়োজিত সব কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।