পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সীমান্ত এলাকা থেকে ৯৪ দশমিক ৭৫০ কেজি ওজনের একটি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে। মঙ্গলবার ১৪ বিজিবির মিডিয়া সেলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার নির্ভরযোগ্য সূত্রে খবর পাওয়া যায়, খঞ্জনপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার মরাডাঙ্গা এলাকায় বন বিভাগের পুরোনো আকাশমনি বাগানে সংঘবদ্ধ চোরাকারবারিরা একটি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে সমবেত হবে।
এমন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক হাচানুর রহমানের নেতৃত্বে ৮ সদস্যের একটি বিশেষ টহলদল আনুমানিক রাত ৮টায় সীমান্ত পিলার ২৫০/২-এস থেকে প্রায় ২৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মরাডাঙ্গা এলাকার বন বিভাগের পুরোনো আকাশমনি বাগানে (জিআর-৫৬০৮৪৮, এমএস-৭৮সি/১২) অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সংঘবদ্ধ চোরাকারবারিরা বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে তাদের কাছে থাকা মূর্তিটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে টহলদল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করে। উদ্ধারকৃত মূর্তিটির ওজন ৯৪ দশমিক ৭৫০ কেজি। পরবর্তীতে স্থানীয় নজিপুর জুয়েলারি সমিতির অভিজ্ঞ কর্মকার পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে উদ্ধারকৃত মূর্তিটিকে প্রাথমিকভাবে প্রকৃত দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি হিসেবে শনাক্ত করেন। এছাড়া প্রত্নতত্ত্ব অধিদপ্তর, পাহাড়পুরের প্রতিনিধি সরেজমিনে পরীক্ষা-নিরীক্ষা করে মূর্তিটিকে ১১-১২ শতকে ব্যবহৃত উচ্চমানের কষ্টি পাথরের একটি মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে চিহ্নিত করেন।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সব ধরনের অপরাধ দমনে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন।