• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

তানোরে নির্বাচন অফিসে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ

তানোর প্রতিনিধি
সর্বশেষ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
তানোরে নির্বাচন অফিসে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ
তানোরে নির্বাচন অফিসে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ

নতুন ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার মতো মৌলিক নাগরিক সেবা নিতে গিয়ে রাজশাহীর তানোরে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। নির্বাচন কমিশনের (ইসি) সরকারি গেজেটে উল্লেখ না থাকা সত্ত্বেও ইউনিয়ন পরিষদ বা পৌরসভার এবং স্কুলের প্রত্যয়নপত্রসহ অতিরিক্ত কাগজপত্র জমা দিতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে উপজেলা নির্বাচন অফিসের বিরুদ্ধে।

Advertisements

সরকারি বিধিতে বাধ্যতামূলক নয়, এমন কাগজপত্র সংগ্রহ করতে গিয়ে আবেদনকারীদের একাধিকবার নির্বাচন অফিস, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, স্কুল এবং কম্পিউটারের দোকানে ছুটতে হচ্ছে। এতে সময়, অর্থ ও শ্রমের অপচয়ের পাশাপাশি বাড়ছে হয়রানি।

সরেজমিন অনুসন্ধান, ভুক্তভোগী, জনপ্রতিনিধি এবং নির্বাচন অফিস-সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, তানোর উপজেলা নির্বাচন অফিসে নতুন ভোটার নিবন্ধনের জন্য ২২ দফার একটি নির্দেশনা অনুসরণ করা হচ্ছে। আবেদনকারীদের হাতে ওই তালিকা ধরিয়ে দিয়ে কমপক্ষে নয় ধরনের কাগজপত্র সংগ্রহ করে আনতে বলা হয়। অভিযোগ রয়েছে, তালিকায় থাকা অতিরিক্ত কাগজপত্র জমা না দিলে আবেদন গ্রহণ করা হচ্ছে না। অথচ নির্বাচন কমিশনের সরকারি গেজেটে এসব কাগজপত্র বাধ্যতামূলক করা হয়নি।

সেবাপ্রার্থীদের অভিযোগ, ডিজিটাল জন্ম নিবন্ধন, শিক্ষাগত যোগ্যতার সনদ এবং মা-বাবার জাতীয় পরিচয়পত্রসহ সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও নতুন করে বিভিন্ন কাগজপত্র চাওয়া হচ্ছে। বিশেষ করে যাদের মা-বাবার এনআইডি নেই, দীর্ঘদিন প্রবাসে ছিলেন কিংবা অভিভাবক মারা গেছেন, তাদের জন্য নিবন্ধন প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠছে।

সাজ্জাদ হোসেন বলেন, সরকারি নিয়ম অনুযায়ী সব কাগজপত্র নিয়ে যাওয়ার পরও আবার নতুন কাগজ আনতে বলা হচ্ছে। একটি সাধারণ কাজ শেষ করতে বারবার নির্বাচন অফিসে যেতে হচ্ছে। অতিরিক্ত কাগজপত্র সংগ্রহ করতে না পেরে অনেক আবেদনকারী নতুন ভোটার হওয়ার প্রক্রিয়া শেষ করতে পারছেন না।

তানোর পৌর এলাকার বাসিন্দা জাহিদ হাসান বলেন, আমার জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত একটি সাধারণ কাজের জন্য কয়েক দিন ধরে নির্বাচন অফিসে যেতে হচ্ছে। কাজের অগ্রগতি জানতে গেলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অসৌজন্যমূলক আচরণেরও শিকার হতে হয়েছে।
অতিরিক্ত কাগজপত্রের অভিযোগের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে। ফলে দূর-দূরান্ত থেকে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেককে সেবা না নিয়েই ফিরে যেতে হয়। সরকারি গেজেটের বাইরে গিয়ে নাগরিকদের কাছ থেকে অতিরিক্ত প্রত্যয়নপত্র বা কাগজপত্র চাওয়া গ্রহণযোগ্য নয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খানের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সুস্মিতা রায় বলেন, সরকারি গেজেটে এসব শর্ত নেই, এটি সত্য। তবে জেলা নির্বাচন কর্মকর্তা যেভাবে নির্দেশ দিয়েছেন, আমরা সেভাবেই আবেদনকারীদের জানাচ্ছি।

নির্বাচন অফিসের এই নির্দেশনার প্রভাব পড়েছে স্থানীয় ইউনিয়ন পরিষদেও। কামারগাঁ ইউনিয়ন পরিষদের সচিব রঞ্জন কুমার বলেন, নির্বাচন কমিশনের গেজেটে প্রত্যয়নপত্রের কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু নির্বাচন অফিসের দাবির কারণে প্রতিদিন বহু মানুষ প্রত্যয়নপত্রের জন্য ইউনিয়ন পরিষদে আসছেন।

স্থানীয় কম্পিউটার ব্যবসায়ী মুক্তার জানান, নির্বাচন অফিসের নির্দেশনা অনুযায়ী অতিরিক্ত কাগজপত্র টাইপ, স্ক্যান ও প্রিন্ট করতে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ তাঁদের দোকানে আসছেন। এতে সাধারণ মানুষের বাড়তি অর্থ ব্যয় হচ্ছে।

রাজশাহী আদালতের আইনজীবী অ্যাডভোকেট আলিম বলেন, গেজেটের বাইরে কোনো শর্ত আরোপ করে নাগরিকদের হয়রানি করা গ্রহণযোগ্য নয়। অতিরিক্ত শর্তের আইনগত ভিত্তি থাকলে তা স্পষ্ট করা উচিত। আর সরকারি নিয়মের বাইরে কোনো প্রক্রিয়া চালু হয়ে থাকলে সেটিও জানানো উচিত। ভুক্তভোগী নাগরিক, জনপ্রতিনিধি ও স্থানীয় সচেতন মহল নির্বাচন কমিশন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় এবং রাজশাহী জেলা প্রশাসনের কাছে বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন। তাঁদের দাবি, ভোটার নিবন্ধনের মতো একটি মৌলিক নাগরিক সেবা সরকারি গেজেট অনুযায়ী সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্তভাবে নিশ্চিত করতে হবে। গেজেটবহির্ভূত কোনো শর্ত কার্যকর হয়ে থাকলে তার আইনগত ভিত্তি জনসম্মুখে প্রকাশ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।


আরো খবর