রাজশাহী মহানগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিএসটিআইর গুণগত মানসনদ ছাড়াই মিষ্টি উৎপাদন ও বিক্রি এবং লেবেলবিহীন দই ও মাঠা বিক্রির দায়ে অলিম্পিয়া সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নগরীর হড়গ্রাম বাজার এলাকার অলিম্পিয়া সুইটসে বিএসটিআইর গুণগত মানসনদ ছাড়া ‘সুইটমিট (মিষ্টি)’ উৎপাদন ও বিক্রি-বিতরণ এবং ‘ফার্মেন্টেড মিল্ক (দই ও মাঠা)’ পণ্যের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ অন্যান্য বাধ্যতামূলক তথ্যসংবলিত লেবেল না থাকায় প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইসলাম নাসিফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিএসটিআই জানায়, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।