হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া প্রতি কেজিতে সর্বোচ্চ ৪ টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন রাজশাহীর কৃষক ও আলু ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, প্রকৃত পরিচালন ব্যয়ের গ্রহণযোগ্য তথ্য-প্রমাণ উপস্থাপন না করেই হিমাগার মালিকরা ভাড়া বাড়ানোর চেষ্টা করছেন, যার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রান্তিক কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে রাজশাহীর পবা উপজেলার তকিপুরে রাজশাহী জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এ সময় সমিতির সভাপতি আহাদ আলী শাহসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্য উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক ইফতেখারুল ইসলাম ডনি।
তিনি বলেন, ২০২৪ সালে প্রতি বস্তা আলু সংরক্ষণের ভাড়া ছিল ১৮০ থেকে ২৫০ টাকা। কিন্তু ২০২৫ সালে তা এক লাফে ৪০০ থেকে ৪৮০ টাকায় উন্নীত করা হয়। এতে কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন। এরপর থেকেই তারা যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবিতে ধারাবাহিক আন্দোলন ও বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ হিমাগার মালিক অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক ভাড়া বৃদ্ধির দাবিকে অযৌক্তিক উল্লেখ করে ডনি বলেন, সরকার বিভিন্ন অংশীজনের মতামত নিয়ে যৌক্তিক ভাড়া নির্ধারণের উদ্যোগ নিলেও হিমাগার মালিকরা পরিচালন ব্যয়ের কোনো দালিলিক প্রমাণ উপস্থাপন করেননি। সরকারি সুপারিশ কমিটির কাছেও বিদ্যুৎ ও গ্যাস বিল, বেতন ভাউচার, লুব্রিকেন্ট ক্রয়ের রসিদসহ প্রয়োজনীয় নথি জমা দেওয়া হয়নি।
তিনি অভিযোগ করেন, রাজশাহীর সুপারিশ কমিটি কয়েকটি হিমাগার পরিদর্শনে গেলেও মালিকপক্ষের অসহযোগিতার কারণে প্রকৃত তথ্য সংগ্রহ সম্ভব হয়নি। ফলে স্থানীয় পরিচালন ব্যয়ের নির্ভরযোগ্য হিসাব নির্ধারণ করা যায়নি। অন্যান্য জেলার তথ্য অনুযায়ী প্রতি কেজি আলু সংরক্ষণের ব্যয় ৩ টাকা ৭৫ পয়সা থেকে ৪ টাকা ৩৮ পয়সা উল্লেখ করা হলেও সেগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে দাবি করেন তিনি।
সমিতির দাবি, প্রকৃত পরিচালন ব্যয় প্রতি কেজিতে ২ টাকার বেশি হওয়ার কথা নয়। তাই প্রতি কেজিতে ৪ টাকার বেশি ভাড়া নির্ধারণ করা হলে তা কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য অন্যায্য হবে।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, দেশে প্রায় ৪০০টি হিমাগার রয়েছে। প্রতিটি হিমাগার ১ কোটি টাকা করে তহবিল গঠন করলে মোট অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ৪০০ কোটি টাকা। এ অর্থের ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিত করারও দাবি জানান বক্তারা।
সংবাদ সম্মেলন থেকে কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক, কৃষি মন্ত্রণালয় ও সরকারের প্রতি প্রতি কেজি আলু সংরক্ষণের ভাড়া সর্বোচ্চ ৪ টাকা নির্ধারণ, হিমাগারগুলোর প্রকৃত পরিচালন ব্যয় স্বাধীনভাবে যাচাই এবং কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী ও ভোক্তার স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানানো হয়। পাশাপাশি তথ্য-প্রমাণ ছাড়া অধিক ভাড়া নির্ধারণের দাবি প্রত্যাখ্যান করে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ায় ভাড়া নির্ধারণের দাবি পুনর্ব্যক্ত করেন সংগঠনের নেতারা।