বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের উদ্যোগে দিনব্যাপী নেক্সটজেন ইংলিশ বুটক্যাম্প ফ্রম একাডেমিক রিসার্চ টু ইন্ডাস্ট্রি সাকসেস শীর্ষক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নেক্সটজেন ইংলিশ বুটক্যাম্প ফ্রম একাডেমিক রিসার্চ টু ইন্ডাস্ট্রি সাকসেস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শহিদুর রহমান।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আব্দুল আওয়াল, ছাত্র উপদেষ্টা মিজানুর রহমান এবং বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক নিশাত তাসনিম তন্বী। অনুষ্ঠানের শুরুতে মূল বক্তাকে পরিচয় করিয়ে দেন প্রভাষক শোয়েব শাহরিয়ার।
অনুষ্ঠিত সেমিনারে মূল বক্তা হিসেবে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রায়হান এম. শরিফ। ফ্রম একাডেমিয়া টু ইন্ডাস্ট্রি: প্রিপারেশন, পারস্যুট অ্যান্ড পারফরম্যান্স শীর্ষক বক্তব্যে তিনি একাডেমিক গবেষণা, দক্ষতা উন্নয়ন এবং শিল্পখাতের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি গবেষণাভিত্তিক জ্ঞানকে কর্মক্ষেত্রে প্রয়োগ এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
পরে ‘হোনিং রিসার্চ স্কিলস: বেস্ট প্র্যাকটিসেস’ শীর্ষক কর্মশালায় গবেষণার কার্যকর কৌশল, পরিকল্পনা ও সেরা চর্চা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। দ্বিতীয় কর্মশালায় ‘রিসার্চ মেথডস ফর ইংলিশ স্টাডিজ’ বিষয়ে অংশগ্রহণকারীদের ইংরেজি ভাষা ও সাহিত্য গবেষণার বিভিন্ন পদ্ধতি, গবেষণা নকশা এবং ব্যবহারিক দিক সম্পর্কে ধারণা দেওয়া হয়। শেষে বিভাগীয় প্রধান প্রফেসর শহিদুর রহমান সমাপনী বক্তব্য রাখেন।
আয়োজকরা জানান, দিনব্যাপী এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা একাডেমিক গবেষণা, গবেষণা দক্ষতা উন্নয়ন এবং শিল্পখাতের উপযোগী পেশাগত প্রস্তুতি সম্পর্কে বাস্তবধর্মী ধারণা লাভ করেছেন। এ ধরনের আয়োজন গবেষণাভিত্তিক শিক্ষা ও কর্মজীবনের মধ্যে কার্যকর সেতুবন্ধন গড়ে তুলতে সহায়ক হবে।