সামার-২০২৬ সেশনের নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। সোমবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে দিনব্যাপী আয়োজিত জাঁকজমকপূর্ণ নবীনবরণ অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শতাধিক নবীন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা অংশ নেন।
তিন পর্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রথম পর্বে ব্যবসায় প্রশাসন, আইন ও মানবাধিকার, অর্থনীতি এবং সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, রাষ্ট্রবিজ্ঞান এবং জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের নবীনরা। তৃতীয় ও শেষ পর্বে ইংরেজি, ফার্মেসি, নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের বরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক মো. শামীম আহসান পারভেজ, রেজিস্ট্রার লে. কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অব.), বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, পরীক্ষা নিয়ন্ত্রক পারমিতা জামান, প্রক্টর ড. আব্দুল আউয়াল, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের উপ-পরিচালক মো. সিরাজুর রহমান, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের উপ-পরিচালক আব্দুস সালাম, আইসিটি সেলের উপ-পরিচালক ফরিদুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা বলেন, বিশ্ববিদ্যালয় জীবন কেবল ডিগ্রি অর্জনের জন্য নয়, বরং নিজেকে দক্ষ, দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার গুরুত্বপূর্ণ সময়। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি গবেষণা, সহশিক্ষা কার্যক্রম এবং নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য করে তোলার আহ্বান জানান। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও নেতৃত্ব বিকাশে বিশ্ববিদ্যালয়ের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে প্রক্টর ড. আব্দুল আউয়াল বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও আচরণবিধি সম্পর্কে নবীন শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের প্রধানরা তাদের সেবা ও কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন। সমাপনী বক্তব্যে রেজিস্ট্রার লে. কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অব.) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও শিক্ষাব্যবস্থা তুলে ধরেন।
নবীনবরণ অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘মিট দ্য ভিসি’ পর্ব। এতে বিভিন্ন বিভাগে ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া শিক্ষার্থীরা সরাসরি উপাচার্যের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান। তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, ভবিষ্যৎ পরিকল্পনা ও ক্যারিয়ার উন্নয়ন বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। উপাচার্য আন্তরিকভাবে তাদের প্রশ্নের উত্তর দেন এবং আত্মবিশ্বাস, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার বিষয়ে উদ্বুদ্ধ করেন।
দিনব্যাপী অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের থিম সং-এর সঙ্গে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন। পরে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী লোকনাট্য গম্ভীরা পরিবেশনার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে নবীনবরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।