রাজশাহী কলেজ আবৃত্তি পরিষদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবীনবরণ এবং শিক্ষক উপদেষ্টা ঊর্মিলা চক্রবর্তীর উচ্চশিক্ষা জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ২টায় রাজশাহী কলেজ মিলনায়তন ভবনের নিচতলায় আবৃত্তি পরিষদের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনটির সহ-সভাপতি মৌমিতা প্রামাণিকের সঞ্চালনায় অনুষ্ঠানে রাজশাহী কলেজ আবৃত্তি পরিষদের উপদেষ্টা মণ্ডলী, কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় আবৃত্তি পরিষদের প্রধান উপদেষ্টা ও ইংরেজি বিভাগের অধ্যাপক মো. হাবিবুর রহমান বলেন, রাজশাহী কলেজ আবৃত্তি পরিষদ ভালোবাসার একটি জায়গা। তোমরা সবাই এই সংগঠনকে আপন করে নেবে। কার্যনির্বাহী পরিষদ তোমাদের এগিয়ে নিতে কাজ করবে, আর তোমরা তাদের সহযোগিতা করবে। কবিতাকে ভালোবেসে আবৃত্তি শিখবে। বিদায়ী শিক্ষক উপদেষ্টা ঊর্মিলা চক্রবর্তীকে সম্মাননা জানিয়ে তিনি বলেন, ঊর্মিলা আমার অত্যন্ত স্নেহভাজন। এই পরিষদকে এগিয়ে নিতে তার নিরলস প্রচেষ্টা ছিল। শিক্ষার্থীদের শেখানোর ক্ষেত্রে তিনি অত্যন্ত বিচক্ষণ ও দক্ষ ছিলেন। তার উচ্চশিক্ষার পথ সফল হোক এটাই আমাদের প্রত্যাশা।
বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক উপদেষ্টা মোসা. হাজেরা খাতুন বলেন, ঊর্মিলার মতো পরিশ্রমী ও আগ্রহী একজন শিক্ষককে আমরা হারাচ্ছি, যা আবৃত্তি পরিষদের জন্য দুঃখের। আমি আশা করি তিনি সফলভাবে তার উচ্চশিক্ষা সম্পন্ন করবেন। তিনি নবীনদের উদ্দেশে বলেন, তোমরা আবৃত্তিকে ভালোবেসে শুদ্ধ উচ্চারণ, সঠিক বাচনভঙ্গি ও নির্ভুল বানান চর্চার মাধ্যমে নিজেদের গড়ে তুলবে। রাজশাহী কলেজ আবৃত্তি পরিষদে তোমাদের সবাইকে স্বাগত।
বিদায়ী বক্তব্যে শিক্ষক উপদেষ্টা ও ইংরেজি বিভাগের প্রভাষক ঊর্মিলা চক্রবর্তী বলেন, এই জায়গা থেকে বিদায় নিতে আমার খুব খারাপ লাগছে। তবে এটিকে আমি চূড়ান্ত বিদায় হিসেবে দেখছি না। আমি সব সময় আবৃত্তি পরিষদের সঙ্গে থাকব। কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা মণ্ডলী আগামী দিনগুলোতেও সুন্দরভাবে সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে বলে আমার বিশ্বাস। নবীনদের প্রতি আমার শুভকামনা। নিয়মিত ক্লাস করে বাচনভঙ্গি, ছন্দ ও শুদ্ধ উচ্চারণ শিখবে। শুধু মঞ্চে পরিবেশনের জন্য নয়, কবিতার প্রতি ভালোবাসা থেকেই আবৃত্তি করবে।
অনুষ্ঠানে রাজশাহী কলেজ আবৃত্তি পরিষদের সভাপতি সিফাত ই রাব্বি, সাধারণ সম্পাদক কাজী ইসতিয়াক আমিন বিশাল, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ হোসেন, তথ্য ও প্রচার সম্পাদক নুসরাত নাঈম সাজিয়া, দপ্তর সম্পাদক শাহেদ শাহরিয়ার আকাশ, মিডিয়া সম্পাদক মুসাররাত জাহান খান প্রতিভা, সদস্য সংগ্রহ বিষয়ক সম্পাদক হিয়া বসাক এবং কার্যনির্বাহী সদস্য এম. জেড. মম ও রুকাইয়া তাবাসসুম রিফাহ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অংশ হিসেবে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। পাশাপাশি বিদায়ী শিক্ষক উপদেষ্টা ঊর্মিলা চক্রবর্তীসহ উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা।