প্রখ্যাত আইনজীবী ও বিচারপতি মোহাম্মদ আনসার আলীর ৩১তম মৃত্যুবার্ষিকী আজ ৫ই জুলাই। তিনি ১৯৬২ সালে ঢাকা হাইকোর্টে তথা তদানীন্তন পাকিস্তান সুপ্রীম কোর্টে আইন পেশায় আত্মনিয়োগ করেন। ছাত্রাবস্থায় তিনি মহান ভাষা আন্দোলন ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সক্রিয় নেতৃত্ব দেন।
ভাষা আন্দোলনে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০১ সালে মরণোত্তর ‘মাতৃভাষা পদক’ প্রাপ্ত হন। ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামেও তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি বিভিন্ন সময়ে বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি, কোষাধ্যক্ষ, তৎকালীন রংপুর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের দু’বার নির্বাচিত সভাপতি এবং বাংলাদেশ লিগ্যাল এইড সোসাইটির সহ-সভাপতি ছিলেন। অসংখ্য রায়ের মধ্যে বিচারপতি হিসেবে তার দক্ষতা, বিচক্ষণতা ও প্রতিভার স্বাক্ষর মেলে। বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তিনি সারাজীবন কাজ করে গেছেন। তার কনিষ্ঠ পুত্র বিচারপতি আহমেদ সোহেল বর্তমানে বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগে কর্মরত আছেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানীস্থ মরহুমের কবর জিয়ারত এবং নওগাঁ গ্রামের বাড়িতে দোয়া মাহফিল, কোরআনখানি ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।