বরেন্দ্র অঞ্চলে জলবায়ু সহনশীলতা, টেকসই পানি ব্যবস্থাপনা এবং উদ্ভাবনী কৃষি উন্নয়ন নিশ্চিত করতে ‘বরেন্দ্র অঞ্চল স্থিতিস্থাপক ও উদ্ভাবনী উন্নয়ন (ইঅজওঘউ)’ প্রকল্পের সূচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজশাহীর একটি স্থানীয় চাইনিজ রেস্তোরাঁয় এ কর্মশালার আয়োজন করে ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম)।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন। সভাপতিত্ব করেন বিএমডিএর নির্বাহী পরিচালক আবু সাঈদ কামরুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে হাসান জাফির তুহিন বলেন, বরেন্দ্র অঞ্চল দীর্ঘদিন ধরে দেশের অন্যতম প্রতিকূল কৃষি ও পরিবেশগত অঞ্চল হিসেবে পরিচিত। জলবায়ু পরিবর্তন, ভূগর্ভস্থ পানির স্তর হ্রাস, খরা ও ভূমি অবক্ষয়ের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার টেকসই পানি ব্যবস্থাপনা ও কৃষি উন্নয়নে অগ্রাধিকার দিচ্ছে। ‘বারিন্দ’ প্রকল্প এ লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, প্রকল্পটি পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল কৃষি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে বরেন্দ্র অঞ্চলের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে। সভাপতির বক্তব্যে বিএমডিএর নির্বাহী পরিচালক আবু সাঈদ কামরুজ্জামান বলেন, ‘বারিন্দ’ প্রকল্প শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়; বরং বরেন্দ্র অঞ্চলের দীর্ঘমেয়াদি পানি নিরাপত্তা, কৃষি উন্নয়ন এবং জলবায়ু সহনশীলতা নিশ্চিত করার একটি সমন্বিত উদ্যোগ।
পরিবর্তিত জলবায়ুর প্রেক্ষাপটে কৃষি ও সেচ ব্যবস্থাকে আরও আধুনিক ও টেকসই করতে এ প্রকল্প কার্যকর ভূমিকা রাখবে। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডব্লিউএমের উপ-নির্বাহী পরিচালক (অপারেশন) সোহেল মাসুদ, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রতিনিধি, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রুয়েটের শিক্ষকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, বিএমডিএ, এডিবি, আইডব্লিউএম, এলজিইডি, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বিডব্লিউডিবি), ওয়ারপোসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় ৭০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। কর্মশালায় বরেন্দ্র অঞ্চলের পানি ও কৃষি খাতের চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়।