রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ দিকনির্দেশনায় দামকুড়া ও কাটাখালি থানা পুলিশ পৃথক পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় আরও ১ মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়, যাকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে দামকুড়া থানার শিতলাই তালুকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করাকালে তুষার কৌশলে পালিয়ে যায়। সোমবার রাত সাড়ে ১০টার দিকে কাটাখালি থানার কুখন্ডি মোল্লাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ফিরোজকে এবং মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাটাখালি থানার সমসাদিপুর এলাকা থেকে জীবন আলীকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- ফিরোজ মাহামুদ (৫৬) কাটাখালি থানাধীন কুখন্ডি মোল্লাপাড়া গ্রামের মেহের মোল্লার ছেলে এবং জীবন আলী (২৩) চন্দ্রিমা থানাধীন উজিরপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে, পলাতক আসামি হলেন- তুষার আহম্মেদ (২৬) রাজশাহী মহানগরীর দামকুড়া থানাধীন শিতলাই তালুকপাড়া গ্রামের বাসিন্দা আশরাফ আলীর ছেলে। তারা সকলেই রাজশাহী মহানগরীর স্থায়ী বাসিন্দা। আরএমপির উপ-কমিশনার গাজিউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, পলাতক আসামি তুষারের বসতবাড়ী তল্লাশি করে ৭শ গ্রাম গাঁজা এবং গ্রেপ্তারকৃত আসামি ফিরোজের দেহ তল্লাশি করে ২০ পিস এবং জীবন আলীর বসতবাড়ী তল্লাশি করে ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পলাতক আসামি তুষার আহম্মেদের বিরুদ্ধে আরএমপির দামকুড়া থানায় ২টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।