বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১২তম সভা অনুষ্ঠিত হয়েছে। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১২তম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা।
একাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন কলা ও সামাজিক বিজ্ঞান স্কুলের ডীন প্রফেসর মো. শহীদুর রহমান, প্রকৌশল স্কুলের ডীন প্রফেসর ড. শামীম আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি স্কুলের ডীন প্রফেসর ড. মো. বায়তুল মোকাদ্দেছুর রহমান, ব্যবসায় ও আইন স্কুলের ডীন প্রফেসর ড. কানিজ হাবিবা আফরিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ, আইন ও মানবাধিকার বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর আবু নাসের মো. ওয়াহিদ, সমাজবিজ্ঞান বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মুন্সি ইসরাইল হোসাইন, জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর মো. শাতিল সিরাজ, পাবলিক হেলথ বিভাগের প্রধান ড. মো. আব্দুল আউয়াল, ইইই বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. তানভীর আহমেদ এবং নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের কো-অর্ডিনেটর ড. সুলতানা রাজিয়া।
এছাড়া বহিরাগত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের প্রফেসর ড. ফারাহ নেওয়াজ এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড. আবু রেজা। সভায় অনলাইনে যুক্ত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ডিস্টিংগুইসড প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ। সভা সঞ্চালনা করেন একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে. কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অব.)।
সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমকে আরও গতিশীল ও যুগোপযোগী করার লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে বিভিন্ন অনুষদ ও বিভাগের পাঠ্যক্রম (কারিকুলাম) সংস্কারের অনুমোদন, চলমান বিভিন্ন বিভাগের আসন সংখ্যা বৃদ্ধি, ডিনস কমিটি ও পাঠ্যক্রম কমিটি পুনর্গঠন এবং নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের হ্যান্ডবুক কমিটি গঠন উল্লেখযোগ্য।
এছাড়াও শিক্ষার মানোন্নয়ন, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীবান্ধব শিক্ষা পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন সুপারিশ উপস্থাপন ও অনুমোদন করা হয়।
সভার সমাপনী বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা বলেন, “উচ্চশিক্ষার পাশাপাশি গবেষণা, উদ্ভাবন এবং কর্মমুখী দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করাই আমাদের অন্যতম লক্ষ্য।” তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রযাত্রা ও মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।
সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।