রাজশাহীর দুর্গম চরাঞ্চলের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর উদ্যোগে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে শতাধিক নারী, পুরুষ ও শিশুকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয় এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। মেডিকেল ক্যাম্পে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৭ জন অভিজ্ঞ চিকিৎসক এবং বিজিবির ১ জন চিকিৎসকসহ মোট ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করেন। চিকিৎসক দলের মধ্যে ৫ জন পুরুষ ও ৩ জন নারী চিকিৎসক ছিলেন। তারা বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন।
এ সময় রাজশাহী সেক্টরের ভারপ্রাপ্ত মেডিকেল অফিসারও উপস্থিত থেকে চিকিৎসা কার্যক্রমে সহযোগিতা করেন।
মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবাসীর জানমালের নিরাপত্তা ও কল্যাণে বিজিবি সবসময় কাজ করে যাচ্ছে। চরাঞ্চলের মানুষ স্বাস্থ্যসেবা থেকে অনেকাংশে বঞ্চিত। তাদের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসা সেবা পৌঁছে দিতে পারা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করতে পারা আমাদের জন্য অত্যন্ত সন্তোষজনক। ভবিষ্যতেও বিজিবির এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
মেডিকেল ক্যাম্পে সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা উদ্যোগটির প্রশংসা করেন। চর আষাড়িয়াদহের বাসিন্দা রহিম উদ্দিন (৫৫) বলেন, চর থেকে শহরে গিয়ে ডাক্তার দেখানো আমাদের জন্য খুবই কষ্টসাধ্য। বিজিবি আমাদের এলাকায় এসে চিকিৎসা ও ওষুধ দিয়েছে, এতে আমরা অনেক উপকৃত হয়েছি।
আমেনা বেগম (৬২) বলেন, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলাম। যাতায়াত খরচের কারণে শহরে গিয়ে চিকিৎসা নিতে পারিনি। আজ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে অনেক উপকার হয়েছে। স্থানীয় বাসিন্দা করিম শেখ (৪০) বলেন, “বিজিবির এই উদ্যোগ আমাদের মতো নিম্নআয়ের মানুষের জন্য বড় সহায়তা। এমন কার্যক্রম নিয়মিত হলে চরাঞ্চলের মানুষ আরও বেশি উপকৃত হবে।
গৃহবধূ সুলতানা খাতুন (৩২) বলেন, সন্তানদের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন ছিলাম। আজ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও ওষুধ পেয়ে অনেকটা স্বস্তি পেয়েছি।